প্রাকৃতিক বিপদে ফাতরা, হরিণঘাটা বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালু ক্ষয়ে গাছ মরে যাওয়ায় সংকুচিত হয়ে পড়েছে বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগর তীরের টেংরাগিরি শ্বাসমূলীয় বন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বালু ক্ষয়ে গাছ মরে যাওয়ায় সংকুচিত হয়ে পড়েছে বরগুনার তালতলী উপজেলার বঙ্গোপসাগর তীরের টেংরাগিরি শ্বাসমূলীয় বন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

দেশের দক্ষিণ উপকূলের দুই গুরুত্বপূর্ণ শ্বাসমূলীয় বন টেংরাগিরি (ফাতরা) ও হরিণঘাটা প্রাকৃতিক বিপদে ক্রমেই অস্তিত্ব হারাতে বসেছে। একদিকে তীব্র ঢেউয়ে ভূমিক্ষয়ের কবলে পড়ে সংরক্ষিত এ দুটি বনাঞ্চল আয়তনে কমছে। অন্যদিকে প্লাবনভূমি বেড়ে যাওয়ায় শ্বাসমূলে বালু জমে হাজার হাজার গাছ মারা যাচ্ছে।

জানতে চাইলে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অজিত কুমার রুদ্র প্রথম আলোকে বলেন, ‘এসব গাছ মারা যাওয়ার পেছনে প্রধানত দায়ী শ্বাসমূলে বালু জমে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়া ও ভূমিক্ষয়। এটা শ্বাসমূলীয় বনাঞ্চলের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা রোধের জন্য আমরা একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আর যেসব গাছ বনের মধ্যে মরে পড়ে আছে, সেগুলো অপসারণ না করার উদ্যোগ নিয়েছি। কারণ, এসব ডালপালা ভূমিক্ষয় রোধে ভূমিকা রাখবে।’

বন বিভাগের হিসাবে, টেংরাগিরি বনের ২১ কিলোমিটারজুড়ে চলছে তীব্র ভূমিক্ষয়। এতে গত ১০ বছরেবনের আয়তন প্রায় চার কিলোমিটার কমে গেছে। এর মধ্যে গত দুই বছরে কমেছে ৪০০ মিটার এবং অন্তত ১০ হাজার শ্বাসমূলীয় গাছ বিলীন হয়েছে। তবে বেসরকারি হিসাবে, এই সংখ্যা কয়েক গুণ বেশি। আর হরিণঘাটা বনে ৬২ একর জমিতে প্রায় ৬৩ হাজার ঝাউগাছ রোপণ করা হলেও গত এক বছরে তা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।

বন বিভাগের খাতায় এটি ‘টেংরাগিরি বনাঞ্চল’ হলেও স্থানীয় নাম ‘ফাতরার বন’। সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন এটি। বরগুনার তালতলী থেকে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পর্যন্ত এই বনের আয়তন ১০ হাজার ৬৪৭ একর। লবণাক্ত ও মিষ্টিমাটির অপূর্ব মিশ্রণের কারণে এ বনে প্রচুর গেওয়া, জাম, ধুন্দল, কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, বলই কেওয়া, তাল, কাঁকড়া, বনকাঁঠাল, রেইনট্রি, হেতাল, তাম্বুলকাটা, গরানগাছ রয়েছে। বসত গড়েছে কাঠবিড়ালি, বানর, প্রায় ৪০ প্রজাতির সাপ, শজারু, শূকর, উদ, কচ্ছপ, শিয়াল, ডোরাকাটা বাঘ, বনমোরগ, মধু, কাঁকড়াসহ হাজারো প্রজাতির প্রাণী। বন ঘেঁষে প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্য ও প্রায় তিন কিলোমিটার প্রস্থের সোনাকাটা সৈকত নৈসর্গিক সৌন্দর্যের আরেক লীলাভূমি। গড়ে উঠেছে সোনাকাটা ইকোপার্ক পর্যটনকেন্দ্র। কিন্তু একের পর এক গাছের মৃত্যু প্রকৃতি ও মানুষের এসব আয়োজনকে ভন্ডুল করতে বসেছে।

সরেজমিনে দেখা যায়, টেংরাগিরি বনের দক্ষিণ দিকের শেষ সীমানায় সোনাকাটা সৈকতের বালিয়াড়িতে বহু মৃত রেইনট্রি, কেওড়া ও ছৈলাগাছ পড়ে আছে। অসংখ্য গাছের গোড়ার মাটি সরে গিয়ে শিকড়-বাকড় বের হয়ে আছে। বালুতে এসব গাছের শ্বাসমূল ঢাকা পড়েছে। গাছগুলোর পাতা ও কাণ্ড হলদেটে হয়ে গেছে। সখিনা, নিশানবাড়িয়া, নলবুনিয়া সংরক্ষিত বনে গিয়ে একই দৃশ্য চোখে পড়ে। বনের পূর্ব অংশ নিদ্রাখালের মোহনা থেকে আন্ধারমানিক খালের মোহনা পর্যন্ত ২১ কিলোমিটার প্রতিনিয়ত ভাঙছে।

সখিনা এলাকার বাসিন্দা সিরাজ উদ্দিন বললেন, চার-পাঁচ বছর আগেও জোয়ারের পানি সৈকতের কাছাকাছি থাকত। এখন তা বনের তিন-চার কিলোমিটার ভেতরে ঢুকে পড়ছে। এতে গোড়ার মাটি ক্ষয় হয়ে গাছের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। গত ছয় বছরে অগণিত গাছ মরেছে। বনভূমি রক্ষায় শিগগিরই কার্যকর পদক্ষেপ না নিলে পুরো বন হুমকিতে পড়বে।

বন বিভাগ বলছে, এই বনে গাছের মৃত্যুর কারণ শ্বাসমূলে বালু জমে যাওয়া ও ভূমিক্ষয়। প্রবল ঢেউয়ে উপকূলে পাড় ভাঙছে, গাছের গোড়ার মাটি ও বালু সরে গিয়ে শিকড় শুকিয়ে যাচ্ছে। এতে এসব শ্বাসমূলীয় গাছ ঠিকভাবে অক্সিজেন নিতে না পেরে পাতা ও কাণ্ড হলদে হয়ে প্রথমে সজীবতা হারায়, পরে মরে যায়।

বন বিভাগের সখিনা বিটের বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার বলেন, টেংরাগিরি বনের গাছ মরে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ছাড়া ২১ কিলোমিটারজুড়ে ভাঙনের ফলে দুই বছরে অন্তত ১০ হাজার গাছ বিলীন হয়ে গেছে। ওই এলাকায় কংক্রিটের ব্লক ফেলা ছাড়া এই ভাঙন থেকে বনকে রক্ষার উপায় নেই।

এদিকে বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা সংরক্ষিত বনের আয়তন প্রায় দুই হাজার একর। বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য ২০১২ সালে বনের পূর্বাংশে প্রায় ৬২ একর জমিতে ৬২ হাজার ৫০০ ঝাউগাছের চারা লাগানো হয়। অব্যাহত ভাঙনে গত দুই বছরে পুরো এলাকাটি নদীতে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতা ক্রমেই বাড়ছে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা শেখ সোলায়মান হাওলাদার বলেন, ‘এখনই ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো বন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়বে। বিষয়টি আমরা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

গত বছর ডিসেম্বরে বন বিভাগের বরগুনা-পটুয়াখালী অঞ্চলের বিভাগীয় বন সংরক্ষক খগেশ চন্দ্র কর্মকার ঝাউবাগানটি পরিদর্শন করেন। তখনো কিছু ঝাউগাছ ছিল। বর্তমানে ঝাউবাগান নিশ্চিহ্ন হয়ে গেছে। পাশাপাশি সেখানে থাকা অন্তত চার হাজার কেওড়াগাছ বিলীন হয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন বিভাগের প্রধান আলমগীর কবির প্রথম আলোকে বলেন, শ্বাসমূলীয় বনের গঠনের ক্ষেত্রে বিভিন্ন স্তর আছে। শুরুতে উপকূলে ভূমি গঠনের পর উড়িঘাস বা ধানসি জন্মায়। ভূমি কিছুটা শক্ত হলে উড়িঘাস মরে গিয়ে কেওড়া ও গেওয়া জন্মায়। মাটি আরও শক্ত হলে আগের গাছগুলো মরে গিয়ে সুন্দরী, গরানসহ অন্যান্য গাছ জন্মায়। তাই ফাতরার বনের গাছ কেন মরছে, এর বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন। আলমগীর কবিরের মতে, ভূমিক্ষয় রোধে দুটি প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে। এগুলো হলো বালুতে বেড়ে উঠতে ও লবণ সহ্য করতে পারে এমন ঘাস ও লতাগুল্ম লাগানো এবংব্লক ফেলানো।