>

হাতিরঝিলের মতো আরও কয়েকটি উন্মুক্ত জলাশয় তৈরি করতে পারলে জলাবদ্ধতার সমস্যা অনেকটা কমে যাবে
ঘণ্টা দুয়েকের টানা বৃষ্টিতেই এখন রাজধানীর অনেক এলাকা ডুবে যায়। এর চেয়ে বেশি সময় বৃষ্টি হলে রাজধানীর প্রায় অর্ধেক অংশ তলিয়ে যায়। বিশেষ করে শহরের দক্ষিণাংশের রাস্তাঘাট পানির নিচে চলে যায়। কিন্তু কেন?
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের বিভিন্ন খাল ভরাট করে ফেলায়, ঢাকার আশপাশের নদীগুলোয় দখল বৃদ্ধি পাওয়ায়, জলাভূমি ভরাট করায়, উন্মুক্ত মাটি কমতে থাকায় ঢাকার এই অবস্থা তৈরি হয়েছে। নিম্ন ভূমি, খাল হয়ে এসব পানি নদীতে গিয়ে পড়ার কথা ছিল। এই প্রাকৃতিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় বিপদে পড়েছে ঢাকাবাসী। তাহলে বিকল্প কী?
বিকল্প হচ্ছে বদ্ধ নিষ্কাশন পদ্ধতি। এই কৃত্রিম ব্যবস্থার মধ্যে আছে ড্রেনেজ, বক্স কালভার্ট, বাঁধ ইত্যাদি। এগুলো ব্যয়বহুল। পানিও নামে প্রাকৃতিক ব্যবস্থার চেয়ে ধীরে। ফলে লম্বা সময় জলাবদ্ধ হয়ে থাকে শহর।
তাহলে সমাধান কী? এ বিষয়টি নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের মত হলো, উন্মুক্ত স্থান বাড়াতে হবে বিশেষ করে হাতিরঝিলের মতো আরও কয়েকটি উন্মুক্ত জলাশয় তৈরি করতে পারলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিতে বুধবার ঢাকার বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মতিঝিল, আরামবাগ, দিলকুশা, ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড় এলাকায় রাস্তার ওপরেই দেড় ফুটের মতো পানি জমে যায়। রাজারবাগ, সার্কিট হাউস রোড, মালিবাগ, খিলগাঁও, গোড়ান, সিপাহীবাগ, সবুজবাগের অনেক এলাকা তলিয়ে যায় পানিতে। আবার পুরান ঢাকার বংশাল, নাজিমউদ্দিন রোড, চকবাজার, বকশীবাজার এলাকার সড়কগুলো চলে যায় হাঁটুপানির নিচে। এই পানি নামতে ১০ থেকে ১২ ঘণ্টা লেগে যায়।
লম্বা সময়ের এই জলাবদ্ধতার কারণ সম্পর্কে বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রধান ইশরাত ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকায় বৃষ্টির পানি সরে যাওয়ার প্রাকৃতিক ব্যবস্থাটি নষ্ট হয়ে গেছে। আগে শহরজুড়ে খাল ছিল। বৃষ্টির পানি খাল দিয়ে নদীতে চলে যেত। এখন নদীগুলো দখল আর খালগুলো সব ভরাট হয়ে গেছে। বাড়ির সামনে খোলা জায়গা বা উঠান ছিল, যেখানে বৃষ্টির পানি মাটি শুষে নিত। এখন মাটিও পাকা করে ফেলা হয়েছে।
ইশরাত ইসলাম বলেন, পানি সরে যাওয়ার যে কৃত্রিম ব্যবস্থা, সেই ড্রেনেজ লাইনগুলো খুব কার্যকর নয়। নালাগুলোতে পলিথিন-ময়লা জমে থাকায় পানি সরে যেতে পারছে না। নালা দিয়ে নামিয়ে নিলেও শেষ পর্যন্ত পানিকে তো খোলা জলাশয়েই নিয়ে ফেলতে হবে। কিন্তু সেই সুযোগ ক্রমেই কমে আসছে।
ঢাকার পয়োনিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের মূল দায়িত্ব ঢাকা ওয়াসার। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, বর্তমানে কৃত্রিম যে ড্রেনেজ ব্যবস্থা আছে, তাতে পানি পাম্প করে বের করে দিতে হচ্ছে। শেষ পর্যন্ত পানি বের হয়ে যাচ্ছেও। কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনুযায়ী পানিনিষ্কাশনের সক্ষমতা ওয়াসার না থাকায় পানি সরতে সময় লাগছে। তিনি বলেন, ঢাকার মতো অপরিকল্পিত নগরায়ণের শহরে এর চেয়ে ভালো পানিনিষ্কাশনের ব্যবস্থা করা কঠিন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জলাবদ্ধতার সমস্যা সবচেয়ে বেশি। উত্তর সিটি করপোরেশন এলাকায় এ সমস্যা অনেকটাই কম। অতিবৃষ্টিকে সাম্প্রতিক জলাবদ্ধতার কারণ হিসেবে উল্লেখ করে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, নাজিমউদ্দিন রোড-চকবাজার এলাকা বাদে ঢাকার দক্ষিণের প্রায় সব এলাকার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করা হয়েছে। স্বাভাবিক বৃষ্টি হলে এখন আর জলাবদ্ধতা হবে না। তবে এ সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তবে আশার বাণী শোনাতে পারেননি ইশরাত ইসলাম। তিনি বলেন, ‘বর্তমান ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) বা বিশদ অঞ্চল পরিকল্পনায় প্লাবনভূমি, নিচু ভূমি, জলাশয়ের জন্য যে জায়গা রাখার কথা বলা হয়েছে, সে জন্যও আমাদের অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু একটি মহল ইতিমধ্যে সেগুলো দখল করে ফেলছে।’ তিনি বলেন, বিশেষজ্ঞদের কথা না শুনে অর্থনৈতিক উন্নয়ন বা ব্যক্তিস্বার্থে যদি জলাশয়গুলো সব ভরাট করে ফেলা হয়, তাহলে ঢাকার জলাবদ্ধতা থেকে কোটি মানুষের মুক্তির সুযোগ নেই।
তাহলে সমাধান কী—এ প্রশ্নের জবাবে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের জলাবদ্ধতা প্রকল্পের সাবেক প্রধান ওয়াইস কবির বলেন, শহরে খোলা জায়গা বাড়াতে হবে। মাটি উন্মুক্ত রাখতে হবে, যাতে মাটির নিচে পানি পৌঁছে যায়। পার্ক, লেক, পুকুরের সংখ্যা বাড়াতে হবে। হাতিরঝিলের মতো আরও কয়েকটি উন্মুক্ত জলাশয় তৈরি করতে পারলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে যাবে।