প্রায় পুরো রাস্তাই ডাস্টবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাড়িয়ার রাস্তাজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ। ছবিটি গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো
ফুলবাড়িয়ার রাস্তাজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ। ছবিটি গতকাল দুপুরে তোলা l ছবি: প্রথম আলো

ফুলবাড়িয়া সুপার মার্কেটের পাশ দিয়ে যাওয়া সিদ্দিকবাজারমুখী সড়কটি খুব সরু নয়। কিন্তু সড়কটির বড় অংশজুড়ে ফেলে রাখা হয় ময়লা-আবর্জনা। ফলে সড়কটি সরু হয়ে গছে। এর সংকীর্ণ হয়ে আসা অংশ দিয়ে রিকশা-গাড়িগুলোকে এক লাইনে চলতে হচ্ছে।
ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মধ্যের এই সড়ক সিদ্দিকবাজার, আলুবাজার ও নর্থ-সাউথ রোডে যেতে ব্যবহার করা হয়। কাছাকাছি বেশ কিছু পাইকারি বাজার, কারখানা ও ছোট-বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় এই পথে গাড়ির চাপ বেশি। গতকাল শনিবার গিয়ে দেখা যায়, এক লাইনে চলতে গিয়ে দুদিক থেকে আসা গাড়িগুলোর জট লেগে গেছে। সড়কের বেশির ভাগ অংশ আবর্জনার স্তূপ আর সিটি করপোরেশনের কনটেইনারের দখলে থাকায় পুরো সড়কটি যানবাহন চলাচলে ব্যবহার করা যাচ্ছে না। দুর্গন্ধের কারণে পথচারী আর রিকশা আরোহীদের নাক চেপে ধরতে দেখা যায়।
ফুলবাড়িয়া মার্কেটের এক ব্যবসায়ী জামিলুর বললেন, পাশের কিছু তৈরি পোশাক কারখানার ঝুট কাপড় আর আশপাশের মার্কেট ও বাড়িঘরগুলোর ময়লা ফেলতে ফেলতে এখন পুরো রাস্তাই ডাস্টবিনে পরিণত হয়েছে। আরেক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসাবাড়ি থেকে যেসব বেসরকারি প্রতিষ্ঠান আবর্জনা সংগ্রহ করে, তাদের অনেকে এখানে সেই আবর্জনা ফেলে যায়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেই আবর্জনার কিছু অংশ তুলে নিয়ে যায়। বাকিটা জমতে থাকে।

সিদ্দিকবাজার এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর মীর সমীর প্রথম আলোকে বলেন, এই সমস্যা তিনি জানেন। সম্প্রতি মেয়র মো. সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে সেই এলাকা পরিদর্শনও করেছেন। তিনি বলেন, এক মাসের মধ্যে গুলিস্তান উড়ালসড়কের নিচে আবর্জনার কনটেইনার বসানো হবে।