
সারাটা দিন শ্রীমঙ্গলের বাইক্কা বিলে হেঁটে ও নৌকায় ঘুরে পাখির ছবি তুলতে তুলতে বেশ ক্লান্ত। পড়ন্ত বিকেল। এবার ফেরার পালা। আধা কিলোমিটার পথ। হেঁটে পাখি খুঁজতে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বড় একটি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই পানিতে ভাসমান শুকনা কচুরিপানার মধ্যে কিছু একটা নড়ে উঠল। পজিশন নিয়ে দাঁড়িয়ে গেলাম। কিন্তু পাখিটি খুবই সাবধানী ও লাজুক। কচুরিপানার আড়ালে ছদ্মবেশীর মতো হেঁটে বেড়াচ্ছে। মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ৩-৪টি ক্লিক করলাম। কিন্তু এক টুকরা লাল রং ছাড়া আর কিছুই ফ্রেমে এল না। পরে অবশ্য আমার পাখি দেখার সঙ্গী শোভন আহমাদুজ্জামান রাজশাহী শহরের সিমলা পার্কের জলাশয় থেকে ওদের দারুণ সব ছবি তুলেছিল।
এরা হলো দেশের দুর্লভ আবাসিক পাখি রাঙা খেনি। লাল খেনি, বিলেন হালতি বা ঘুরঘুরি খায়েরি নামেও পরিচিত। ইংরেজি নাম Ruddy-breasted Crake, Northern Ruddy Crake বা Ruddy Crake। Rallidae পরিবারের পাখিটির বৈজ্ঞানিক নাম Zapornia fusca.
রাঙা খেনি ছোট আকারের জলচর পাখি। দেহের দৈর্ঘ্য ২১-২৩ সেন্টিমিটার ও ওজন প্রায় ৬০ গ্রাম। দেহের রং লালচে। মাথাসহ দেহের ওপরটা কালচে-বাদামি। মুখমণ্ডল, গলা, বুক ও পেট লালচে-বাদামি। তলপেট ও লেজের তলা জলপাই-বাদামি থেকে তামাটে। লেজের তলায় আড়াআড়িভাবে কয়েকটি সাদা রঙের রেখা টানা। চোখ লাল, ঠোঁট কালচে। পা ও পায়ের পাতা ইট-লাল। স্ত্রী কিছুটা ফ্যাকাশে। অপ্রাপ্তবয়স্ক পাখি গাঢ় বাদামি, সঙ্গে বেশকিছু সাদা ফোঁটা থাকে।
দুর্লভ রাঙা খেনি প্রধানত খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের হাওর, বিল, নলবন ও জলাভূমিতে বাস করে। জলজ পোকামাকড় ও শুককীট, কেঁচো, শামুকজাতীয় প্রাণী, জলজ উদ্ভিদ ইত্যাদি মূল খাবার। অতি চঞ্চল পাখিগুলো প্রায় সময়ই ছোট্ট লেজটি চমৎকারভাবে নাড়াতে থাকে। কচুরিপান, শাপলা ও পদ্মপাতার ওপর দিয়ে নিদ্বির্ধায় হেঁটে যায়। সচরাচর নীরব থাকলেও প্রজনন মৌসুমে সরু গলায় অনবরত ডাকতে থাকে।
জুন-সেপ্টেম্বর প্রজননকাল। জলাভূমির ভেতরের নলখাগড়া বা হোগলা বনে ঘাস ও জলজ গাছের সরু ডালপালা দিয়ে বাটির মতো বাসা বানায়। ডিম পাড়ে ৬-৭টি। ফোটে ১৭-২০ দিনে। স্ত্রী-পুরুষ দুজনে মিলে ডিমে তা দেয় ও বাচ্চাদের যত্ন করে। সদ্য ফোটা বাচ্চাগুলো কুচকুচে কালো। এরা বেশ চঞ্চল, ডিম থেকে ফোটার কিছুক্ষণ পরই বাসা থেকে বেরিয়ে যায়। ভয় পেলে বা বিপদে পড়লে দৌড়ে, সাঁতার কেটে বা পানিতে ডুব দিয়ে আত্মরক্ষা করে। বাচ্চাদের দেহের কালো রং পাল্টে বাদামি হতে প্রায় সাড়ে তিন মাস সময় লাগে। এরা ১০-১২ বছর বাঁচে।