
মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি সংরক্ষিত বনের আদমপুর বিটে মাত্র ঢুকেছি। বনের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। সামনে একটি ছড়া, তার ওপর ছোট্ট সেতু। কিন্তু সেতুর ওপর দিয়ে না গিয়ে নিচের ক্ষীণধারার ছড়ায় নেমে পড়লাম। গোড়ালি সমান পানি। ছড়ার স্বচ্ছ ও টলটলে এই পানিতে পা ভেজাতেই মুহূর্তের মধ্যে যেন পুরো দেহ শীতল হয়ে এল। হঠাৎই পাশের বালুতটে চোখ গেল। ওখানে যেন বাহারি রঙের প্রজাপতির মেলা বসেছে! প্রায় সকলেই ভেজা বালুর রস চুষতে ব্যস্ত। এতক্ষণ পানিতে হাঁটাহাঁটি করতে করতে খেয়ালই করিনি। বাহারি সব প্রজাপতির মেলায় কালো-নীল-সবুজ এক প্রজাপতি আমার মন কাড়ল। কিন্তু দু-তিনটি ক্লিকের পরই সে উড়ে গেল। এরপর অস্থিরভাবে ওড়াউড়ি করতে থাকল। বালু বা পাশের ঝোপঝাড়ে একবারের জন্যও বসল না। তবে ছবি ভালো হলো, তাই মনে কোনো খেদ রইল না। পরে সাতছড়ি ও লাউয়াছড়ায় বেশ কয়েকবার এই প্রজাপতি দেখেছি।
এরা এ দেশের দুর্লভ এক সুন্দর প্রজাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. বাশার ওদের নাম দিয়েছেন ফটিক সিন্ধু (Common Bluebottle বা Blue Triangle)। পশ্চিমবঙ্গে এটি তুঁতচিল নামে পরিচিত। Papilionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Graphium sarpendon।
প্রসারিত অবস্থায় ফটিক সিন্ধুর সামনের এক ডানার প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য ৮০-৯০ মিলিমিটার। ডানা ও দেহের ওপরটা কালো ও নিচটা বাদামি। সামনের ডানার শীর্ষ থেকে পেছনের ডানার ভেতরের প্রান্ত পর্যন্ত ওপর ও নিচে একটি ফ্যাকাশে সবুজ বা নীলচে-সবুজ থেকে গাঢ় নীল ডোরা চলে গেছে। পেছনের ডানার নিচের কিনারার দিকে এক সারি নীল ফোঁটা, অতিরিক্ত এক সারি লাল ফোঁটা ও ডানার গোড়ায় একটি লাল ফোঁটা রয়েছে। লম্বালম্বি সাদা ডোরাসহ দেহ ধূসর। শুঙ্গ (অ্যান্টেনা) ও চোখ কালো। শুঁড় ও পা ধূসর। পুরুষ ও স্ত্রী প্রজাপতি দেখতে একই রকম।
ফটিক সিন্ধু সচরাচর কম দেখা যায়। মূলত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বন ও বনের কিনারা, উন্মুক্ত তৃণভূমি, ফুলের বাগানে বিচরণ করে। এরা বেশ চটপটে। দ্রুততার সঙ্গে গাছের ওপরের দিকে ওড়ে। বিভিন্ন ধরনের গুল্মজাতীয় উদ্ভিদের ফুলের রস পান করে।
স্ত্রী দেবদারু, কর্পূর, দারুচিনি, অ্যাভোকাডো প্রভৃতি গাছের কচি পাতার ওপর পাতাপ্রতি একটি করে হলদে ও গোলাকার ডিম পাড়ে। ডিম ফোটে তিন দিনে। শূককীট প্রথম দিকে কালচে বা গাঢ় সবুজ হলেও পরে সবুজাভ হয়। ১২ দিনে পাঁচবার রূপান্তরিত হয়ে শূককীট সবুজ রঙের মূককীটে পরিণত হয়। ১০ দিন পর মূককীটের খোলস কেটে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়ে নীল আকাশে ডানা মেলে।
বাংলাদেশ ছাড়াও পুরো ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ায় এদের দেখা যায়।