
কাপ্তাই বন বিভাগের অতিথিশালা বনফুলে পৌঁছে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানের বড় ছড়ার উদ্দেশে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে ছড়ার একটি বাঁকে এসে দাঁড়ালাম, যেখানে কিছুদিন আগে নীলকান মাছরাঙার দেখা পেয়েছিলাম। মাথার ওপর দিয়ে কিছু একটা উড়ে এসে সামনের পাথুরে ভেজা বালুতে বসল। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখতেই বিস্মিত হলাম। আরে এটা তো আমার বহু কাঙ্ক্ষিত সাদা-কালো লম্বা ফড়িংয়ের মতো এক পতঙ্গ! চার বছর ধরে খুঁজছি ওকে। বেশ কয়েকটি সুন্দর ছবি তুললাম।
এরা এ দেশের বিরল ও বিপন্ন এক প্রজাপতি, যাকে ইংরেজিতে বলে White Dragontail। বাংলায় ওর কোনো নাম নেই, তাই ফড়িংয়ের মতো ছটফটে স্বভাবের প্রজাপতিটির নাম দেওয়া যাক শ্বেত ফড়িংলেজি অথবা ফড়িংলেজি প্রজাপতি। Papilionidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Lamproptera curius.
লেজযুক্ত প্রজাপতির ÿক্ষুদ্রাকার এই প্রজাতিটির প্রসারিত ডানা ৪০-৫০ মিলিমিটার। একনজরে সাদা-কালো প্রজাপতিটির সামনের ডানা স্বচ্ছ ও কালো ডোরাযুক্ত। পেছনের ডানায় সাদা আগাযুক্ত অতিরিক্ত লম্বা লেজ রয়েছে। ডানার ওপরের অংশ কালো, সামনের ডানার বাইরের অর্ধাংশে কালো ডোরায় ঘেরা ত্রিকোণাকার রংহীন স্বচ্ছ অংশ রয়েছে। ডানার কালো গোড়ায় তেরছা সাদা ডোরা। দুই ডানারই নিচের অংশ ওপরের মতোই, কিন্তু ফ্যাকাশে ও গোড়ার দিকটা ধূসর-সাদা। পেছনের ডানায় অবস্থিত লেজ ২৫-৪০ মিলিমিটার লম্বা। শুঙ্গ, মাথা, চোখ, শুঁড় কালো। উদরের ওপরটা কালো, নিচটা ধূসর-সাদা ও দুপাশে কালো দাগ রয়েছে। পা সাদা-কালো। স্ত্রীর রং ফ্যাকাশে।
বিপন্ন ফড়িংলেজি প্রজাপতি সিলেট ও চট্টগ্রাম বিভাগের গুটিকয়েক জায়গার বাসিন্দা। এরা আধা-চিরসবুজ বনের ঝরনা এবং প্রবহমান পাহাড়ি জলধারা ও নদীর ধারে বিচরণ করে। খুব দ্রুত ওড়ে। উড়ন্ত অবস্থায় প্রায়ই ফড়িংয়ের মতো পেছন ও সামনের দিকে চলতে থাকে। ঝোপঝাড়ে ডানা মেলে রোদ পোহায়। স্ত্রীগুলোর ডানা অপেক্ষাকৃত লম্বা। স্থিরভাবে উড়ন্ত অবস্থায় ফুলের রস পান করতে পারে। তা ছাড়া ভেজা বালুর রস চুষতেও দেখা যায়। ডানা মেলে যখন বসে তখন কতকটা মাছের মতো দেখায়।
এদের বংশবিস্তার অন্যান্য লেজযুক্ত প্রজাপতির মতোই। স্ত্রী প্রজাপতি পোষক গাছ ইলিগেরা করডাটার কচি পাতায় ডিম পাড়ে। ডিম ফুটে কালো ও মসৃণ শূককীট বের হয় চার-পাঁচ দিনে। পাঁচবার খোলস পাল্টিয়ে শূককীট হলদে-সবুজ মূককীটে পরিণত হয়। পুরো জীবনচক্র সম্পন্ন হতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগে। পূর্ণবয়স্ক প্রজাপতি সচরাচর এক সপ্তাহ বাঁচে।
বাংলাদেশ ছাড়াও দক্ষিণ চীন, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন পর্যন্ত এদের দেখা যায়।