ফরিদপুরে আগ্রাসী মধুমতী, সড়কের একাংশ বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমতীর ভাঙনে বিলীন হয়ে গেছে সড়কটি। বিচ্ছিন্ন হয়ে গেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সঙ্গে সড়ক যোগাযোগ। গতকাল সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার গন্ধখালীতে l আলীমুজ্জামান
মধুমতীর ভাঙনে বিলীন হয়ে গেছে সড়কটি। বিচ্ছিন্ন হয়ে গেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সঙ্গে সড়ক যোগাযোগ। গতকাল সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার গন্ধখালীতে l আলীমুজ্জামান

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতী নদী আগ্রাসী হয়ে উঠেছে। নদীর ভাঙনে কামারখালী-রউফনগর সড়কের একাংশ বিলীন হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রউফনগর গ্রামেও ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ৪০টি পরিবারের বসতবাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের হুমকিতে রয়েছে।

ফরিদপুরের কামারখালী বাজারে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ দিক থেকে রউফনগর (পূর্বের সালামতপুর) পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কামারখালী-রউফনগর সড়ক। ওই সড়কের গন্ধখালী পূর্বপাড়া এলাকায় এবং রউফনগর গ্রামের মিরাজ খাঁর বাড়ির কাছে সড়কে ভাঙন দেখা দিয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, গন্ধখালী পূর্বপাড়ায় ওই সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়া ওই অংশ প্রস্থে আনুমানিক ৩০ ফুট, দৈর্ঘ্যে ৩০০ ফুট। ওই জায়গায় আশপাশের বাড়িঘরগুলো সরিয়ে নিচ্ছিল এলাকাবাসী। ভাঙনের হুমকিতে রয়েছে আরও ১৭টি পরিবারের ভিটা। আর রউফনগর গ্রামে মিরাজ খাঁর বাড়ির কাছে আনুমানিক ৪০ ফুট প্রস্থ ও ১ হাজার ফুট দৈর্ঘ্যজুড়ে ভাঙন শুরু হয়েছে। এখানে ২৩টি পরিবারের বাড়ি ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের হুমকিতে রয়েছে। এখান থেকে আনুমানিক ৪০০ মিটার দূরেই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।

স্থানীয় লোকজন বলেন, গত বুধবার থেকে নদীর ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি পরিবার ওই এলাকা থেকে সরে গেছে। নদীগর্ভে সড়কের একাংশ বিলীন হয়ে যাওয়ায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। বাড়িঘরের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে লোকজনকে।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামউদ্দীন মোল্লা বলেন, দুই বছর আগে ৩০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা শতাধিক। তিনি বলেন, ‘নদীর ভাঙনের কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। জানি না ভাগ্যে কী আছে।’

কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান বলেন, ‘সড়ক ভেঙে যাওয়ায় যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে। গত রোববার উপজেলার সমন্বয় সভায় আমি বিষয়টি তুলেছি। স্থানীয় সাংসদ আবদুর রহমানকে জানিয়েছি। সামনে বিজয় দিবস। সড়ক ভেঙে যাওয়ায় ওই দিন আমাদের পক্ষে জাদুঘরে গিয়ে অনুষ্ঠান করা সম্ভব হবে না।’

মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহার বলেন, ‘আমার নিজের সামর্থ্য অনুযায়ী যা করার করেছি। তারপরও কোনো সুফল পাচ্ছি না। উপজেলা পরিষদের সীমিত ক্ষমতা দিয়ে সড়কটি সচল রাখা হয়েছিল। এখন তা-ও ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে উদ্যোগ না নিলে সড়ক যোগাযোগ চালু করা সম্ভব হবে না।’

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মনসুর বলেন, ‘ভাঙন রোধে একটি নকশা প্রণয়নের কাজ চলছে। সেটা এখনো পূর্ণাঙ্গ হয়নি। তাই কাজে হাত দিতে পারছি না। নকশা হাতে পেলেই দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেব। ওই সড়কের দুই কিলোমিটার জায়গায় কাজ করলে এ সমস্যার সমাধান হবে।’