ফলের অনুপম এক উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন একটি লোভনীয় প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায়? ঘর থেকে বেরোলেই আষাঢ়ের মেঘ-বৃষ্টি-রোদ! প্রতি মুহূর্তে মন বদলানো আকাশ। এই আকাশের নিচেই বিচিত্র ফলের পসরা সাজানো এক মনোরম উদ্যান দেখার আমন্ত্রণ। উদ্যানটির সবচেয়ে বড় আকর্ষণ—মাত্র চার বছর বয়সী সব কটি গাছের ফলই আছে নাগালের মধ্যে। ইচ্ছে করলে ছুঁয়ে দেখা যাবে, চেনা যাবে রং, তোলা যাবে ছবি।

গাজীপুরের মৌচাকে অবস্থিত এই মাতৃবাগানের মূল ফটক পেরিয়ে ভেতরে যেতেই মনে হলো, বাগানটি কল্পনারও অধিক সৌন্দর্যমণ্ডিত। বীথিবদ্ধ কিশোরী গাছগুলো ফলভারে আনত। প্রায় প্রতিটি গাছেই নানা বয়সী ফল শোভা পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’র আওতায় ২০১৬ সালে ১০ একর আয়তনের এই মাতৃবাগানে ৪০ রকম ফলের ১১২ জাতের মোট ১ হাজার ২৬৮টি চারা-কলম রোপণ করা হয়েছে। উচ্চ পুষ্টিমানসমৃদ্ধ, লুপ্তপ্রায়, ব্যাপক চাহিদাসম্পন্ন এবং দেশে চাষের উপযোগী বিদেশি ফলের চারা-কলম সংগ্রহ, রোপণ, উৎপাদন, বিক্রয় ও বিতরণের মাধ্যমে সমগ্র দেশে এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মাতৃবাগানটি সৃজন করা হয়।

প্রকল্প পরিচালক জ্যেষ্ঠ কৃষিবিদ মেহেদী মাসুদ প্রথমেই দেখালেন গৌরমতিসহ সম্ভাবনাময় কিছু নতুন জাতের আম। এগুলোর মধ্যে অস্ট্রেলিয়া থেকে এনে লাগানো বিখ্যাত আম কেসিংটন প্রাইডও আছে। রূপসী ও সুস্বাদু এই আমের কলম আরও দুটি মাতৃবাগানে লাগিয়েছেন তিনি। এখানকার গাছটিতে এ বছর ভালো ফলন হয়েছে। আরও আছে চোখধাঁধানো রঙের কিং অব চাকাপাত, আমেরিকান পালমার, তাইওয়ান রেড, কিং অব চিয়াংমাই এবং জাপানের মিয়াজাকি বা সূর্যডিমও। এ যেন আমসুন্দরীদের স্বর্গরাজ্য!

বাগানের এক টুকরো জায়গায় অল্প বয়সী গাছে কাঁঠালের সমারোহ দেখে চোখ জুড়িয়ে গেল। এটি আবার বিশেষ ধরনের গামলেস (আঠালো কষহীন) কাঁঠাল। মেহেদী মাসুদ ২০১৬ সালে ভিয়েতনাম থেকে এই কাঁঠালের একটি কাটিং নিয়ে আসেন দেশে। তারপর বেশ যত্ন করে লাগিয়ে দেন মাতৃবাগানে। পর্যায়ক্রমে সেখানে আরও ৫০টি গামলেস কাঁঠাল লাগানো হয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে ২০১৮ সাল থেকে ফল দিতে শুরু করেছে গাছগুলো। স্বাদে–গন্ধে অনন্য এই কাঁঠাল।

পাশেই ভারতের বাবরি জাতের কালোজাম আর নতুন জাতের সাদাজামের ৫৬টি গাছ নিয়ে সৃজন করা হয়েছে জামবাগান। নাগালের মধ্যে পাওয়া গেল থোকায় থোকায় জাম। পরখ করে স্বাদের ভিন্নতাও উপলব্ধি করা গেল।

পাকা জামের শাখায় না উঠেই মুখ রঙিন করে আমরা ছুটলাম খেজুরবাগানের দিকে। ২০১৭ সালে ১৬ জাতের ১০০টি মরু-খেজুর এনে লাগানো হয় এখানে। এই মুহূর্তে ক্ষুদ্রাবাদ জাতের গাছভর্তি খেজুরগুলো বাগান আলোকিত করে রেখেছে। তবে আনন্দের খবর হলো, এ বছর প্রথমবারের মতো আজোয়া জাতের খেজুরের ফল এসেছে। এ ছাড়া এখানে অন্য জাতের খেজুরের মধ্যে বারহি ও মরিয়ম উল্লেখযোগ্য।

দক্ষিণ ভারতের কেরালা থেকে ২০১৭ সালে এনে লাগানো মিষ্টি জাতের আঙুরগাছে গত বছর থেকে ফলন শুরু হয়েছে। ভেতরে যেতে যেতে চোখে পড়ল গাছভর্তি আরও অনেক ফল—জাম্বুরা, আমড়া, কতবেল, মাল্টা আর নাগপুরী জাতের কমলা। শেষ প্রান্তে এসে পাওয়া গেল মিসরীয় মিষ্টি ডুমুর। বাগানের উপসহকারী উদ্যান কর্মকর্তা আবদুর রাজ্জাক জানালেন, চলতি মৌসুমে এখানকার ফল বৈচিত্র্য উপভোগ করার জন্য অনেকেই বাগানটি পরিদর্শনে আসেন।

চারপাশে দৃষ্টি প্রসারিত করতেই চোখে পড়ল আরও অনেক ফলের গাছ।

মাতৃবাগানটির সঙ্গে এমন নিবিড় সম্পৃক্ততা দেখে মনে হলো, আসলে গাছ নয়, কৃষিবিদ মেহেদী মাসুদ এই ফলোদ্যানে যেন তাঁর লালিত স্বপ্নগুলোই রোপণ করেছেন।