ফসলি জমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফসলি জমি ও জনবসতি এলাকায় গড়ে তোলা হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন এলাকার সরদার ব্রিকস নামের ইটভাটা। ছবিটি গতকালের l প্রথম আলো
ফসলি জমি ও জনবসতি এলাকায় গড়ে তোলা হয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন এলাকার সরদার ব্রিকস নামের ইটভাটা। ছবিটি গতকালের l প্রথম আলো

ইটভাটা লাগোয়া একটি উচ্চবিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা ও একটি বাজার রয়েছে। ভাটার চারপাশ দিয়ে জনবসতি ও ফসলি জমি। সাত বছর যাবৎ এ রকম একটি গুরুত্বপূর্ণ স্থানে বছরের সাত মাস ইট পোড়ানো হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডগ্রি এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কের পাশে এই ইটভাটার অবস্থান।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ বলছে, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া কোনো সড়ক ও মহাসড়ক থেকে অর্ধকিলোমিটার দূরত্বে ইটভাটা স্থাপন করতে হবে। কিন্তু ডগ্রি এলাকার ন্যাশনাল ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ১ নামের ইটভাটাকে ২০১০ সালে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র ও জেলা প্রশাসন ইট পোড়ানোর লাইসেন্স প্রদান করেছে। ভাটা কর্তৃপক্ষ আইন অমান্য করে ইট পুড়ে যাচ্ছে। এমন অবস্থা শরীয়তপুরের বেশির ভাগ ইটভাটার।
জেলা ইটভাটা মালিক সমিতি ও জেলা প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুর জেলায় ৪৯টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ১২টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স নেই।
ন্যাশনাল ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ১-এর মালিক খোকন তালুকদার বলেন, ‘আমাদের ইটভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ২০০৯ সালে দেওয়া হয়েছে। সব দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে লাইসেন্স প্রদান করেছেন। তখন হয়তো আইনটি এমন ছিল না।’
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করে কেউ ইটভাটা স্থাপন করতে পারবে না। আইন অমান্যকারীকে কারাদণ্ড দেওয়ার ও অর্থদণ্ড করার বিধান রয়েছে। জনবসতি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারের পাশে ইটভাটার পরিবেশগত ছাড়পত্র কীভাবে দেওয়া হয়েছে—প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ কার্যালয় থেকে কীভাবে এ ছাড়পত্র দেওয়া হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি আমি খতিয়ে দেখব। তা ছাড়া জেলা প্রশাসক ইট পোড়ানোর লাইসেন্স প্রদান করেন। তিনি চাইলে আইন অমান্যকারী ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’
নড়িয়া উপজেলার নশাসন গ্রামে এ বছর স্থাপন করা হয়েছে সরদার ব্রিকস নামে একটি ইটভাটা। ওই ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স নেই। ইটভাটার চারদিকে সরিষা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও গমের আবাদ করেছেন স্থানীয় কৃষকেরা। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালুতে ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে।
নসাশন গ্রামের কৃষক সালাম ব্যাপারী বলেন, ‘আমার জমিটি ইটভাটার মালিক নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, আমি দিইনি। এ বছর ৮০ শতাংশ জমিতে রসুনের আবাদ করেছি। কিন্তু কালো ধোঁয়ায় রসুনের গাছ মরে যাচ্ছে। জানি না ফলন ঠিকমতো পাব কি না।’
ওই ইটভাটার মালিক নুরুল ইসলাম সরদার বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও কৃষি বিভাগ পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, লাইসেন্স ও ছাড়পত্র দিতে কোনো অসুবিধা নেই। আমরা আবেদন করেছি, তারপর কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তর সম্মতিপত্র দিয়েছে। জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্সটি প্রক্রিয়াধীন।’
নড়িয়া উপজেলার ডগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার মণ্ডল বলেন, ‘বিদ্যালয়ের পাশেই ইটভাটা। যখন দক্ষিণা বাতাস ছাড়ে, তখন ভাটার ধুলা-ময়লা শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের শিশুরা অসুস্থ হয়ে যায়।’
শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিফাতুল হোসাইন বলেন, ‘ইটভাটার পরিবেশগত ছাড়পত্র দেওয়ার আগে কৃষি বিভাগ একটি তদন্ত প্রতিবেদন প্রদান করে। উপজেলা কৃষি কর্মকর্তারা প্রত্যয়নপত্র দিয়ে থাকেন। ফসলি জমিতে ইটভাটা স্থাপনের সম্মতি তাঁরা কীভাবে দিয়েছেন, তা খতিয়ে দেখা হবে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রথম আলোকে বলেন, ইটভাটার লাইসেন্স দেওয়ার আগে কৃষি বিভাগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসন থেকে সরেজমিন তদন্ত করানো হয়। তার পর তাদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি বিচার-বিশ্লেষণ করে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইট পোড়ানোর লাইসেন্স দেওয়া হয়। এতগুলো স্তরের তদন্ত হওয়ার পরও কীভাবে জনবসতি এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ও কৃষিজমিতে ভাটার লাইসেন্স দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হবে। লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় ত্রুটি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।