
বকের ফান্দে পা ফেলেই বিপদে পড়ে যায় পাখিটি, ফাঁদমুক্ত হতে লাফালাফি করতে গিয়ে ডান পা ভেঙে ফেলে। ফাঁদের মালিক নয়-দশ বছর বয়সী বালকটি দৌড়ে গিয়ে ধরে ফেলে ফাঁদে পড়া শিকার, আবারও ফাঁদ পেতে খুশিমনে সে বাড়িমুখো হয়। সঙ্গে তার সমবয়সী বন্ধু দুজন।
আমরাও চলেছি হেঁটে। মুখোমুখি হওয়ার আগেই পাখিটি নজরে পড়ে আমার, এগিয়ে গিয়ে পাখিটি হাতে নিয়ে পরখ করছি যখন, তিন বালক তখন গর্বিত দৃষ্টিতে দেখছে আমাদের, বর্ণনা করছে কীভাবে পাখিটি ফাঁদে আটকা পড়েছে।
আমাদের কাছে কম দামি ক্যামেরা আছে, ভাঙা ঠ্যাংওয়ালা পাখিটির ছবি আমি এমনিতেই তুলতাম না, পাখি হাতে বালকদের ছবি তুললাম, ওরা চমৎকার পোজ দিল। অবুঝ বালক ওরা, দেখেই বোঝা যায় দরিদ্র। ওরা তো মনে করছে দারুণ একটা কাজ করেছে। না হলে ছবি তোলে শহুরে সাহেবেরা!
পাখিটি সুস্থ বা উড়তে সক্ষম থাকলে আমরা যেকোনোভাবেই হোক হাতিয়ে নিতাম। কিন্তু না, লম্বা ডান পা পাটকাঠির মতো দুভাগ হয়ে গেছে, প্রকৃতিতে টিকে থাকা ওর পক্ষে সম্ভব হবে না। যদিও এই লম্বা ঠ্যাংওয়ালা পাখিরা দিব্যি এক পায়ে ভর করে দাঁড়িয়ে হাঁটুজলে বিশ্রাম নিতে পারে, বুকের কাছে ঠোঁট নামিয়ে বা পিঠে ঠোঁট গুঁজে ঘুমাতে-ঝিমাতেও পারে, কিন্তু এক পায়ে ভর করে বাকি জীবনটা চালিয়ে নেওয়া অসম্ভব-কষ্টসাধ্য কাজই বটে!
ঘটনাটি এ বছরেরই ফেব্রুয়ারি মাসের। অফিস-বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলাম পটুয়াখালীর গলাচিপায়। কলাগাছিয়া নদীর পাড়ের কলাগাছিয়া বাজার পেরিয়ে বহু পথ এগিয়ে যাওয়ার পর বালকদের সঙ্গে দেখা হয় আমাদের। ফাঁদ পেতেছিল ওরা ‘বাহের চর’-এ। বাহের চরে পরিযায়ী পাখিদের আনাগোনা বেশ!
আমাদের বাগেরহাট-ফকিরহাটজোড়া উত্তরের হাওরে প্রতি মৌসুমে দুই-পাঁচ শ পাখি আজও আসে। এ বছরেরই জানুয়ারি মাসে বিল কোদালিয়ার একটা পরিত্যক্ত চিংড়িঘেরের টংঘরে বসে বেড়ার ফাঁক দিয়ে খুব কাছ থেকে শ দেড়েক পাখির একটা ঝাঁক দেখি—পরিত্যক্ত ঘেরের পানিতেই ওরা চরছিল। বহু আগের অভিজ্ঞতার আলোকে আমি বলেছি, গুলির আঘাতে যদি এদের লম্বা পা আহত হয়, তাহলে জলপিপি কালিমের মতো এরাও পা কামড়ে ধরে অদ্ভুত-সুন্দর ভঙ্গিতে উড়ে পালায়। উত্তরের হাওরে ছোট বড়শিতে মাকড়সা বা কচড়া পোকার টোপ দিয়ে দুই-পাঁচটা পাখি আটকান ঘের পাহারাদারেরা। বন্দুক আজকাল আর চলেই না বলতে গেলে। তবে নানা রকমের ফাঁদ চালু আছে। প্রশাসন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এগুলো বন্ধ করতে।
লম্বা ঠ্যাঙের এই পাখিটির নাম রামঠেঙ্গি। লালঠেঙ্গি নামেও পরিচিত। ইংরেজি নাম Black-Winged Stilt. বৈজ্ঞানিক নাম Himantopus himantopus. মাপ ৩৫-৩৮ সেন্টিমিটার। লম্বা লাল পা দুখানার মাপ প্রতিটি ২৩-২৫ সেন্টিমিটার।
দলে চলে, দলে চরে। ওদের হাঁটুজলে দাঁড়িয়ে লম্বা গোলাকার সুচালো ঠোঁট বাড়িয়ে পানির ওপরের স্তর থেকে ও ভেতর থেকে খাবার সংগ্রহ করে। খাবার মূলত ছোট ছোট মাছ, কুচো চিংড়ি, জল-মাকড়সা, জল-কাদার ভেতরে থাকা সুতোপোকাসহ অন্যান্য পোকা-পতঙ্গ।
ঝাঁক বেঁধে চরে, হাঁটে, ডাকাডাকি চলতেই থাকে, ভয় পেলে দাঁড়িয়ে যায়, বিপদ বুঝলে দেয় উড়াল ঝাঁক ধরেই—ডাকাডাকি চলতেই থাকে। ওড়ায় আছে ছন্দ ও কাব্যিক সৌন্দর্য। পানিতে নামার ভিঙ্গটাও সুন্দর-শৈল্পিক। পানি ছেড়ে উড়াল দেওয়ার কৌশলটাও নান্দনিক সৌন্দর্যমণ্ডিত।
পাখিটির চোখ লাল। ঘাড়-গলা-কপোল-কপালসহ বুক-পেট তুলোট সাদা। ডানা কালো। পা লাল। ঠোঁট কালো। ঋতুভেদে রং অতি সূক্ষ্মভাবে কিছুটা পরিবর্তিত হয়। মাথার তালু এমনিতে ধূসর, কালচেও হয়।
এদের দেখা যায় বাগেরহাট-খুলনা-সাতক্ষীরাসহ বৃহত্তর ফরিদপুর জেলায়। সুন্দরবনসহ দেশের দ্বীপ হাওর ও চরাঞ্চলে। বাসা করে মাটিতে ঘাস বিছিয়ে। ডিম চারটি। ফোটে ২৫-২৬ দিনে।