ফাল্গুনে মাতাল হাওয়া মধুর বরিষন

ফাল্গুনের মিষ্টি দিনে কাল একটু গরম পড়েছিল বটে, রাতদুপুরে মাতাল হাওয়া এসে ঝেঁটিয়ে বিদায় করল। সঙ্গে একটু মধুর বরিষন। গাছপালা আর রাস্তাঘাটে ধুলোবালু যা জমেছিল, এক্কেবারে শেষ। গরমে পাওয়া গেল একটু শান্তির পরশ।
কাল রোববার দিবাগত রাতে রাজধানীসহ সারা দেশে যে দমকা হাওয়া বয়ে গেল, আর বৃষ্টি হলো, এর কথা বলা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। ঢাকায় মাত্র ৪ মিলিমিটার। সবচেয়ে বেশি টাঙ্গাইল জেলায়—৩০ মিলিমিটার।
মাঘের শীত বিদায় নিতে নিতে গরমটাও যেন হালুম করে এসে হাজির। ঘর থেকে বেরোলে কিসের ফাগুন, রোদে যেন আগুনের আঁচ। সঙ্গে আবার ধুলোর ধোলাই। গতকাল পটুয়াখালীতে চোঁ করে তাপমাত্রা পৌঁছে যায় চাঁদি বরাবর। ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস! ঢাকায়ও কিন্তু কম ছিল না—৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অস্বস্তিতে প্রাণ জুড়াল একপশলা বৃষ্টি।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এখন ঋতু পরিবর্তনের কারণে যে গরম পড়েছে, এতেই এই বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের সঙ্গে দখিনা বাতাস মিশে মেঘ ভেঙে পানি ছিটিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-এক দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।
আবহাওয়াবিদেরা জানান, প্রতিবছর ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে দিনের ব্যাপ্তি কম থাকে। এই তারিখে রাত হয় দীর্ঘ। এর পরপরই সূর্যের অবস্থান বদলে দিন বড় হতে থাকে। সূর্যের কিরণের তেজ বাড়ে। এর সঙ্গে পশ্চিমা লঘুচাপ এবং পূর্ব দিক থেকে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে বাতাস বয়ে যেতে শুরু করে। পশ্চিমা লঘুচাপ ও পূর্বদিকের বাতাসের সংমিশ্রণ ঘটলে বজ্রঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকে। মার্চ মাসে এ ধরনের ঝড়-বৃষ্টির মাত্রা বৃদ্ধি পায়। তবে মধ্য ফেব্রুয়ারি থেকে বজ্রঝড়-বৃষ্টির প্রাক্-প্রস্তুতি দেখা যায়।