
তিনটি মোষ চরছে চরের ঘাসবনে। একটি পাখি উলুঘাসের ডাঁটিতে বসে তীক্ষ্ণÿ চোখে লক্ষ রাখছে চারদিকে। মোষেদের জন্য ঘাসবন নড়ছে। একটি ছোট ঘাসফড়িং দিল উড়াল। মুহূর্তেই পাখিটি ডাইভ দিয়ে ঠোঁটে চেপে ধরল ফড়িংটিকে, উড়ে চলল বাসার দিকে। বাসায় তার ক্ষুধার্ত তিনটি ছানা। বাসাটি একটি মরা ডুমুরগাছের মোটা মোটা চারখানা ডালের সংযোগস্থলের ওপরে। খাসা বাসা! ডুমুরের ডালের সঙ্গে মিলেমিশে একাকার। ছানা তিনটির রংও এমন যে শত্রু বুঝতেই পারবে না ওটি একটি পাখির বাসা। স্বামী-স্ত্রী মিলে বাসা বাঁধার জায়গা নির্বাচন করেছিল সাত-আট দিন ধরে। তারপর গাছের সরু শিকড়, কলাগাছের সরু সুতো-আঁশ, সরু লতা ইত্যাদি এনে শক্ত করে বাসাটি বেঁধেছিল দুজনে। তারপর মাকড়সার আঁশ ও লতা দিয়ে বেড় দিয়ে যেন বেঁধে দিয়েছিল কষে। সময় লেগেছিল পাঁচ-সাত দিন। এরপর স্ত্রী ডিম পেড়েছিল তিনটি। পালা করে তা দিয়েছিল দুজনে। ছানা ফুটল ১৫ দিনে। ওদের বয়স এখন ছয় দিন। সারা দিন খাই খাই করে। ওদের উদর পূর্তি করতে মা-বাবার প্রাণ ‘যাই যাই’ অবস্থা!
হালকা-পাতলা গড়নের এই পাখিটির নাম ফিনফিনে। খুদেমণি, মুনুমুনু, সুনুসুনু, পবদ এবং সাদাগলা লাটোরা নামেও পরিচিত এরা। ইংরেজি নাম Bar-winged Fly catcher-shrike। বৈজ্ঞানিক নাম Hemipus picatus। দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার। ওজন ০৯ গ্রাম। এদের দেহের গড়ন-ধরন ও স্বভাব-চরিত্রে কাঠকসাই, সহেলী ও কসাইয়ের মিশেল আছে। কণ্ঠস্বর সাধারণত ‘হুইর হুইরি’, ‘টিসিট টিট্ টিট্’ বা ‘টুইসি টুইসি’ ধরনের। তবে প্রেমের ডাকটা চাপা ধরনের ‘মুনুমুনু-সুনুসুনু’। ‘বাসা বাঁধার গান’ও ওরা একই সুরে গায়।
পুরুষ পাখিটির গলা-বুক-পেট সাদা। মাথা ও পিঠ চকচকে, তেলতেলে কালো। বুকের কাছে সাদা রঙের সঙ্গে গোলাপির মিশেল থাকে। চিবুক-গলাজুড়ে যেন সাদা বন্ধনী বাঁধা। চোখ কালো। ডানার প্রান্ত ও লেজের উপরিভাগ কালো। ডানার ওপরে চওড়া সাদা ব্যান্ড আছে। পা-ঠোঁট কালো। পুরুষের যেখানে যেখানে কালো রং, মেয়েটির সেখানে সেখানে কালচে-বাদামি রং। মূল খাদ্য পোকামাকড়, কীটপতঙ্গ। দ্রুত বাঁক নিতে যেমন পারে, তেমনি শূন্যে পাকও খেতে পারে।
সারা দেশেই দেখা যায় পাখিটিকে। তবে সংখ্যায় কম।