ফুলবাড়ী ও পার্বতীপুর বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনি ও সোমবার কালবৈশাখীতে দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিদ্যুৎব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। দুই উপজেলার অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, দুই দিনের ঝড়ে ক্ষতির পরিমাণ এত বেশি যে বর্তমান জনবল দিয়ে দিনরাত কাজ করেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ আলী বলেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের শতাধিক খুঁটি উপড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। অটো রাইস মিলসহ বিভিন্ন শিল্প-কারখানার স্থাপনা ভেঙে সঞ্চালন লাইন
ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি জানান।
সরেজমিনে দুই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝড়ে শত শত বাড়িঘর, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, কয়েকটি অটো রাইস মিল বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। বেশ কয়েকটি স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে আছে। চার দিন ধরে ফুলবাড়ী পৌর এলাকা বিদ্যুৎবিহীন হয়ে আছে বলে জানান পৌর মেয়র গোলাম মতু‌র্জা সরকার।