রাজশাহী নগরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে শহররক্ষা বাঁধের ঢালের একাংশে একটি ফুলের বাগান করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন ২০১৪ সালের জুলাই মাসে এটি তৈরির কাজ শেষ করে। কিন্তু ১০ মাস না যেতেই এটি গো-চারণভূমিতে পরিণত হয়েছে। এমনকি বাগানে ফুল গাছের টবে ঠাঁই নিয়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম।
নগরের শাহ্ মখদুম কলেজের পূর্ব পাশ থেকে তালাইমারী শহীদ মিনার এলাকা পর্যন্ত শহররক্ষা বাঁধের ঢালে এই বাগান করা হয়েছে। বাগানের ফুল গাছ রক্ষার জন্য একটি নির্দিষ্ট এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঝখান ফাঁক রেখে সেখান দিয়ে বাঁধের ওপরে ওঠার জন্য তৈরি করা হয় সিঁড়ি। ছাগল যাতে ভেতরে ঢুকতে না পারে, সে জন্য প্লাস্টিকের জাল দিয়ে বেড়া দেওয়া হয়। বাঁধের ঢালের একেবারে নিচে ঠিক ড্রেনের ওপর দিয়ে সারিবদ্ধভাবে বসানো হয় বড় বড় টব। ওই টব বসানোর জন্য আবার ছোট ছোট পিলার তৈরি করা হয়। এলাকাটি সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বাঁধের ঢালে ১৫-২০ বছর বয়সী ১৪টি শিশুগাছ ছিল। বাগান করার সময় ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী গাছগুলো কেটে নেন। তখন তিনি বলেছিলেন, সিটি করপোরেশন থেকে নিলামে তিনি গাছগুলো কিনেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, এই গাছ কাটার জন্য বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি।
গতকাল বুধবার দুপুরে ওই বাগানে গিয়ে দেখা যায়, হাদিরমোড় এলাকায় বাগানের ভেতর গরু ও ছাগল চরছে। কয়েকটি ছাগল ছাড়া, কয়েকটি বাঁধা। ১৪৯টি টবের মধ্যে মাত্র কয়েকটিতে গাছ রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটিতে আবার বিষাক্ত আগাছা পার্থেনিয়াম জন্মেছে।
বিজ্ঞানীদের মতে, পার্থেনিয়াম পৃথিবীর সবচেয়ে খারাপ আগাছা, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। এর ফুলের রেণু থেকে মানুষের অ্যালার্জি হয়, হাঁপানি বাড়ে, চর্মরোগ দেখা দেয়।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বাগানের কাজ করার জন্য তাঁদের কোনো তহবিল নেই। এখন তাঁরা তহবিল খুঁজছেন। পেলে তাঁরা রডের ঘের দিয়ে বাগানটির সুরক্ষার ব্যবস্থা করবেন।
এর আগে প্রকৌশলী আশরাফুল বলেছিলেন, বেড়া দেওয়ার কাজটি সরকারি কোনো বরাদ্দ থেকে করা হচ্ছে না। মেয়র মোসাদ্দেক হোসেন নিজ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে নগরের সৌন্দর্য বর্ধনের জন্য কাজটি করছেন। এর মধ্যে গাছ লাগানোর জন্য লাখ দুয়েক টাকা সিটি করপোরেশনের ‘মেইক রাজশাহী গ্রিন’ প্রকল্পের। সেই প্রকল্পের টাকাও সরকারি নয়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সিটি করপোরেশনকে এই টাকা দেয়।