ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে আকস্মিক বন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজার ও বালাগঞ্জ উপজেলা সদরের একাংশ। আকস্মিক এ বন্যায় দুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ। গতকাল বিকেলের দিকে বালাগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফেঞ্চুগঞ্জের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কুশিয়ারা নদীতীরবর্তী ফেঞ্চুগঞ্জের পূর্ববাজার এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অন্তত শতাধিক দোকানপাটে পানি ঢুকে পড়েছে। বাজারের প্রধান সড়ক অন্তত ২ ফুট পানির নিচে তলিয়ে গেছে। যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় আশপাশের ইসলামপুর, পিঠাইটিকর, বাঘমার, ছত্তিশসহ কয়েকটি গ্রামের অন্তত ১০ হাজার মানুষকে উপজেলা সদরে আসার জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।