বক্স কালভার্ট থেকে তোলা হচ্ছে বারোয়ারি বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের পেছনের বক্স কালভার্ট থেকে বর্জ্য তোলার কাজ চলছে। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো
বাংলাদেশ ব্যাংকের পেছনের বক্স কালভার্ট থেকে বর্জ্য তোলার কাজ চলছে। গতকাল দুপুরের ছবি l প্রথম আলো

রাস্তার দুই প্রান্তে ব্যারিকেড, মাঝখানে কালভার্টের বিশাল ম্যানহোলের স্ল্যাব উঠিয়ে তোলা হচ্ছে আবর্জনা। বেরিয়ে আসছে বারোয়ারি বর্জ্য। ‘এক্সকাভেটর’ যন্ত্র সেগুলো উঠিয়ে এনে তুলে দিচ্ছে ময়লাবাহী ট্রাকে।
গতকাল শনিবার এই দৃশ্য দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের পেছনে বালুর মাঠ এলাকায়, সেগুনবাগিচা বক্স কালভার্টে। ঢাকা ওয়াসা জানিয়েছে, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী বর্ষাকে সামনে রেখে শীতকাল থেকেই বক্স কালভার্ট পরিষ্কার করার কার্যক্রম শুরু করা হয়েছে। কালভার্টের ফকিরের পুল অংশে আকরাম টাওয়ারের কাছেও একইভাবে বর্জ্য অপসারণের কাজ চলছে। এতে প্রতিদিন উঠে আসছে ১৮০ ঘনমিটার বারোয়ারি বর্জ্য।
গতকাল দুপুরে বালুর মাঠ এলাকায় গিয়ে দেখা যায়, সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের কাছে রাস্তার চার ভাগের তিন ভাগ অংশ লোহার গ্রিল দিয়ে ঘেরা। সেখানে লেখা ‘সাবধান, ম্যানহোল কভার খোলা, বক্স কালভার্ট ক্লিনিং কাজ চলিতেছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’ একই সাবধানবাণী নিয়ে আরেকটি পরিচ্ছন্নতার কাজ চলছে দক্ষিণ কমলাপুর বাজারের কাছে রাস্তার প্রবেশপথে। তবে যানবাহন চালক ও পথচারীকে চলাচলে খুব একটা সাবধানী হতে দেখা গেল না।
দেখা গেল, এক্সকাভেটর থেকে উঠে আসছে পলিথিন ছাড়াও কাচ ও প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, গরু-ছাগলের হাড়, এমনকি কংক্রিট, সিমেন্টের বস্তা পর্যন্ত। ফকিরের পুল এলাকায় গিয়ে দেখা যায়, কালভার্টের পাশেই একাধিক বহুতল ভবন তৈরি হচ্ছে। নির্মাণসামগ্রীর পরিত্যক্ত অংশ ফেলা হচ্ছে কালভার্টের সঙ্গে যুক্ত নর্দমায়।
জানতে চাইলে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামী বর্ষা সামনে রেখে বর্জ্য অপসারণের কাজ করা হচ্ছে। তবে ভেতর থেকে এমন কিছু জিনিস বেরিয়ে আসছে, যা নর্দমায় ফেলা উচিত নয়। এলাকাবাসী সচেতন না হলে কালভার্ট আবারও ভরে যাবে। তিনি দাবি করেন, এ পর্যন্ত কালভার্টের ভেতর থেকে সাত হাজার ঘনমিটার বর্জ্য তোলা হয়েছে।