বগুড়ার ৯৩ গ্রাম বন্যায় প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানি ঘরের ভেতর। রান্নার চুলাও পানির নিচে। তাই কলা গাছের ভেলা বানিয়ে তার ওপর রান্নার চেষ্টা করছে একটি পরিবার। ছবিটি আজ বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারি চর থেকে তোলা।ছবি: সোয়েল রানা
বন্যার পানি ঘরের ভেতর। রান্নার চুলাও পানির নিচে। তাই কলা গাছের ভেলা বানিয়ে তার ওপর রান্নার চেষ্টা করছে একটি পরিবার। ছবিটি আজ বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারি চর থেকে তোলা।ছবি: সোয়েল রানা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসাবে জেলার ১৪টি ইউনিয়নের ৯৩টি গ্রামের ১৬ হাজার ৪০টি পরিবার ও প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান জলমগ্ন হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম।

যমুনার চরাঞ্চলে নদী ভাঙনে গত কয়েক দিনে সারিয়াকান্দি উপজেলার সাতটি গ্রাম বিলীন হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ৭ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আজ সকাল ৬টায় সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানির প্রবাহের রেকর্ড করেছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ মিটার। একদিন আগে এই পয়েন্টে পানি ১৭ দশমিক ২৪ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছিল।

পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে এখন ১৭ দশমিক ২৮ মিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

এদিকে যমুনার দুর্গম চরাঞ্চলে দু সপ্তাহ ধরে পানিবন্দী মানুষ দুঃসহ জীবন যাপন করছেন। তলিয়ে গেছে হাজার হাজার বিঘার আউশ ধান ও পাট। সোনাতলা উপজেলার দিনমজুর আজাদ, খাটিয়ামারি চরের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ১৫ দিন ধরে পানিবন্দী। চুলা জ্বলে না।

খাটিয়ামারি, শিমুলবাড়ি ও চালুয়াবাড়ি চরের বাসিন্দাদের অভিযোগ, এসব চরে প্রায় এক হাজার পরিবার অনাহারে দিন কাটাচ্ছেন। ত্রাণ দূরে থাক; কেউ খোঁজখবর নিতেও আসেনি।

তবে জেলা ত্রাণ কর্মকর্তা শাহারুল মোহাম্মদ আবু হেনা বলেন, সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য ২৪০ মেট্রিকটন চাল ও আড়াই লাখ টাকা নগদ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।