বগুড়ায় বাঁধ রক্ষায় পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুনট উপজেলায় ভুতবাড়ি গ্রাম প্লাবিত হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছে বানভাসিরা। ছবি: প্রথম আলো
ধুনট উপজেলায় ভুতবাড়ি গ্রাম প্লাবিত হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছে বানভাসিরা। ছবি: প্রথম আলো

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানির অস্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকায় বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার পাউবোর বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি আজ দুপুরে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ছুঁই ছুঁই করছে। মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ তা বিপৎসীমার ১২০ সেন্টিমিটার অতিক্রম করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র সূত্রে জানা গেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহারুল হোসেন মোহাম্মদ আবু হেনা প্রথম আলোকে বলেন, যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার নয়টি, সোনাতলা উপজেলার তিনটি এবং ধুনট উপজেলার দুটিসহ জেলার ১৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ১৫ হাজার ৪৫৫টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে ৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

স্থানীয় চেয়ারম্যানসহ একাধিক সূত্রে জানা গেছে, প্রতি পরিবারে গড়ে পাঁচজন সদস্য ধরে সরকারি হিসাবে পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় ৭৫ হাজার। তবে, বাস্তবে পানিবন্দী মানুষের সংখ্যা লক্ষাধিক। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার মনিটরিং সেল খোলা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর, বোহাইল, কর্ণিবাড়ি, চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের বহু গ্রাম প্লাবিত হয়েছে। ৬০-৭০টি চরের প্রায় সবগুলো লোকালয় প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চন্দনবাইশা, কামালপুর ও কুতুবপুর ইউনিয়নের বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে যমুনার তীরবর্তী ২৫-৩০টি গ্রামের বসতবাড়ি প্লাবিত হওয়ায় লোকজন বাড়িঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের তোড়ে নদীভাঙনে চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইর চর ও বহুলাডাঙ্গা চরের অর্ধশত পরিবার গৃহহারা হয়ে পড়েছে।

যমুনা নদীর পানি অস্বাভাবিক দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বিকল্প বাঁধের পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে কিছু লোক বাঁধ কেটে দেওয়ার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনিরুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, বাঁধ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘যমুনা নদীর সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে পানির স্তর দ্রুততম সময়ের মধ্যে অস্বাভাবিক গতিতে বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি গত জুলাই মাসের বন্যার চেয়েও অনেক খারাপ হতে পারে।’

বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলার চেয়েও বেশি দুশ্চিন্তা চন্দনবাইশা এলাকার পাউবোর বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষা নিয়ে। ইতিমধ্যেই বাঁধ রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তিনি জানান, সারিয়াকান্দি উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য ৫০ মেট্রিক টন চাল এবং নগদ এক লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া সেখানে দুই হাজার পরিবারের মাঝে বিতরণের জন্য শুকনো খাবারের প্যাকেট পাঠানো হচ্ছে।