বঙ্গোপসাগরে লঘুচাপ দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেড়েছে তাপমাত্রা
এ বছর পৌষের আগে স্বাভাবিক শীত পড়েনি। পৌষের প্রায় মাঝামাঝি সময়ে একটি মৃদু শৈত্যপ্রবাহে ভর করে সারা দেশে শীত জেঁকে বসেছিল। তার মধ্যেই মোড় ঘুরেছে আবহাওয়ার।
গতকাল বুধবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় ২০টি জেলায় বৃষ্টি হয়েছে। সারা দেশের তাপমাত্রা বেড়ে গেছে। কোনো কোনো অঞ্চলে আকাশ ছিল মেঘে ঢাকা। কোথাও বা কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতি। স্বাভাবিক শীতের দেখা পাওয়াই অসম্ভব হয়ে উঠছে। আবহাওয়া অফিসে কর্তব্যরত আবহাওয়াবিদেরা বলেছেন, বঙ্গোপসাগরে ভারতের তামিলনাড়ুর কাছে ও দক্ষিণ আন্দামানে একটি স্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটির প্রভাবেই আবহাওয়ার এই হঠাৎ মোড় ঘোরা। যে কদিন লঘুচাপ থাকবে, আবহাওয়াও মোটামুটি এ রকমই থাকার সম্ভাবনা।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল যেমন বৃষ্টি হয়েছে তেমনি আজও হতে পারে। সে কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
গতকাল পটুয়াখালী, খেপুপাড়া, মাদারীপুর, ভোলা, কক্সবাজার, হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া, ফেনী, মাইজদী কোর্ট, চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙামাটি, মংলা, খুলনা, বরিশাল, যশোর ও ফরিদপুরে কম-বেশি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২২ দশমিক ৩ ও ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; চট্টগ্রামে ২২ দশমিক ৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াস; রাজশাহীতে ২৬ দশমিক ৭ ও ১৩ দশমিক ১; খুলনায় ২২ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫; বরিশালে ২২ দশমিক ৯ ও ১৫ ডিগ্রি এবং রংপুর বিভাগে ২৬ দশমিক ৫ ও ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।