বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের প্রায় সর্বত্র দমকা ও ঝোড়ো হাওয়াসহ মেঘ-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
ওই পূর্বাভাসে দেশের চারটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া মৌসুমি কালবৈশাখীর সম্ভাবনা থাকায় কোনো কোনো এলাকার নদীবন্দরকে ২ নম্বর এবং কোনো কোনোটিকে ১ নম্বর নৌ-সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট ওই লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। ফলে দেশের দক্ষিণাঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রবল। এ ছাড়া ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও ঢাকা বিভাগের কোনো কোনো স্থানে মেঘ-বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে বলে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে। এর ফলে সমুদ্রের ওই অঞ্চল এবং দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।