বঙ্গোপসাগরে নিম্নচাপ, গতি ভারতের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগর
ফাইল ছবি

দেশের কয়েকটি এলাকায় হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছিল। বুধবার শীতের পরশ নিয়ে আসা বাতাসের গতি কিছুটা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মূলত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে শীতল হাওয়ার গতি বাধা পাচ্ছে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার আশঙ্কা নেই।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, নিম্নচাপটি গতকাল রাত আটটায় ভারতের চেন্নাই উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। আজ বৃহস্পতিবার মধ্যরাতের মধ্যে তা ভারতের উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের স্থলভাগ অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে দেশের ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, এই নিম্নচাপ চলে যাওয়ার পর বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। এরই মধ্যে বঙ্গোপসাগরের শেষ সীমানা আন্দামানের কাছে আরেকটি নিম্নচাপ তৈরির মতো আবহাওয়া তৈরি হয়েছে। চলমান নিম্নচাপটি ভূখণ্ডে উঠে যাওয়ার পর আগামী দু-এক দিনের মধ্যে ওই নিম্নচাপ দানা বাঁধতে পারে। তবে সেটি বাংলাদেশ না ভারত কোন উপকূলের দিকে এগোবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে চলমান নিম্নচাপটির কারণে বাংলাদেশের দিকে মেঘ আসা শুরু করেছে। এর ফলে শীতল বায়ু প্রবাহ কমে গেছে। যে কারণে শুরু হওয়া হালকা শীত কিছুটা উষ্ণতা পেয়েছে। আন্দামানের দিকে যদি নিম্নচাপটি তৈরি হয়, তাহলে বর্তমান আবহাওয়া আরও কয়েক দিন চলবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। আগামী কয়েক দিন একই ধরনের আবহাওয়া থাকতে পারে।

আজ বৃহস্পতিবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু দেশের অন্যান্য সব স্থানের সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রাও একই পরিমাণ বেড়েছে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াস।