বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে গতকাল সোমবার তিন জেলায় সাতজন মারা গেছেন। এর মধ্যে গাজীপুরে চার, ঝিনাইদহে দুই ও টাঙ্গাইলে একজন নিহত হয়েছেন।
এর আগে ১২ ও ১৩ মে ২৬টি জেলায় নারী, শিশুসহ ৮১ জন বজ্রপাতে মারা যান। পরপর দুদিনে বজ্রপাতে এত প্রাণহানির ঘটনা নজিরবিহীন। এরপর ১৭ মে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সেদিন বজ্রপাত থেকে নিরাপদে থাকতে কয়েকটি সতর্কতামূলক বার্তাও প্রচার করে মন্ত্রণালয়। প্রতিবছর বিপুল প্রাণহানি হলেও সরকারি নথিতে এত দিন বজ্রপাতকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো না।
বজ্রপাত নিয়ে গতকালও তথ্য বিবরণীতে কিছু সতর্কতামূলক বার্তা প্রচার করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জ ও শ্রীপুরে বজ্রপাতে গতকাল চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামে একটি বিলে মারা যাওয়া তিনজনই মাছ চাষ করতেন। তাঁরা হলেন কাপাইস গ্রামের মুকুন্দ দাস (৫৬), সুদন দাস (৫০) ও মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের নিরদ দাস (৩৫)। এ ছাড়া শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের কৃষক ইন্নছ আলী (৫৫) দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মুকুন্দ, সুদন ও নিরদ দুপুরে তাঁদের খামারে মাছের খাবার দিতে যান। ওই সময় বৃষ্টি হওয়ায় বিলের মধ্যে পাহারার জন্য তৈরি ছোট একটি ঘরে তাঁরা আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিনজনই মারা যান। বিলের মাঝখানে ঘরটি হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি।
এলাকাবাসী বলেছেন, খবর পেয়ে পুলিশ ওই তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ জানান, বিকেলে বজ্রপাতে জেলার মহেশপুর উপজেলার নলপাতুয়া গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী শুকুরজান বেগম (৩৫) ও একই উপজেলার নস্তি গ্রামের অরবিন্দু হালদারের ছেলে প্রশান্ত কুমার হালদার (১৫) মারা গেছে। আরও দুজন আহত হন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, দুপুরে জেলার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের হাবিবুর রহমান হবি চৌধুরীর আনন্দ মিছিলে বজ্রপাতে রবিউল ইসলাম (২৭) নামের এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন আটজন। ইউনিয়নের মলিয়ানপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রবিউল কাউলজানী গ্রামের চকপাড়ার বছির উদ্দিনের ছেলে। এ বিষয়ে হবি চৌধুরী বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।
সতর্কতামূলক বার্তা: গতকাল তথ্যবিবরণীতে বজ্রপাতের সময় করণীয় বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। বার্তায় ঘন কালো মেঘ দেখা দিলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে বলা হয়েছে। এ ছাড়া বজ্রপাতের সময় খোলা জায়গা, খোলা মাঠ বা উঁচু স্থানে না থাকাসহ আরও কিছু পরামর্শ দেওয়া হয়েছে।