বড় বন্যার আশঙ্কা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দিলেও সারা দেশে এবার বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। অন্তত আগামী ১০-১২ দিনের মধ্যে এ রকম বন্যা হওয়ার তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি হয়, তবে তা হবে প্রাকৃতিক ব্যতিক্রম। 
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বশীল সূত্র এ খবর জানিয়ে বলেছে, বড় রকমের বন্যার আশঙ্কা না থাকলেও ব্রহ্মপুত্র অববাহিকায় সিরাজগঞ্জ থেকে সারিয়াকান্দি পর্যন্ত জেলাগুলোয় যমুনার পানি অন্তত এক সপ্তাহ বিপৎসীমার ওপরে থাকবে। সেই সঙ্গে অব্যাহত থাকবে বন্যা। এদিকে সিরাজগঞ্জ, সারিয়াকান্দি, বগুড়া ও আশপাশের জেলাগুলোতে প্রতিদিন গড়ে চার মিটার পানি কমে আসতে থাকলেও উজানের এই পানি প্রধানত ঢাকার চারপাশের ভাটি অঞ্চল বা মধ্যাঞ্চলের নদীগুলোর পানি বাড়িয়ে তুলছে এবং বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এমন স্থানগুলোর মধ্যে মানিকগঞ্জ, আরিচা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মাওয়া, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী উল্লেখযোগ্য। এই অঞ্চলে পদ্মা ও এর সঙ্গে যুক্ত নদী-শাখা নদী রয়েছে।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ও নির্বাহী প্রকৌশলী আমীরুল হোসেন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে যতটুকু সম্ভব পরীক্ষা-নিরীক্ষা করে যা পেয়েছি, তাতে ১০-১২ দিনের মধ্যে সারা দেশে বড় বন্যার কোনো সম্ভাবনা নেই। এর পরের দিনগুলোতে বড় বন্যা হবে কি না, এখনই তা নিিশ্চত করে বলা যাচ্ছে না।’
পাউবোর অবসরপ্রাপ্ত কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সেপ্টেম্বরে সাধারণত বড় বন্যার আশঙ্কা কম থাকে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা—দেশের এই তিনটি নদী অববাহিকায় একই সঙ্গে বন্যা হলে তা হয় বড় ধরনের। ২৫ বছরের মধ্যে ১৯৮৮ ও ১৯৯৮ সালে এসব অববাহিকায় বড় বন্যা হয়েছিল।
উত্তর-পূর্ব সীমান্তবর্তী জেলা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ বিভিন্ন স্থানে সুরমা ও এর আশপাশের নদীর পানি বাড়ছে। এই প্রবণতা তিন-চার দিন থাকতে পারে।