বদরগঞ্জ, তারাগঞ্জ, সৈয়দপুরে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টিপাতে উঠতি বোরো ধান, ভুট্টা, পাটসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
গতকাল ভোর পাঁচটার দিকে বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। বদরগঞ্জের রাধানগর ও দামোদরপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, ঝড়ে অনেক স্থানে গাছপালা ভেঙে পড়েছে। জমিতে নুইয়ে পড়েছে ধান ও ভুট্টাগাছ। এ ছাড়া কয়েক দিনের বৃষ্টিপাতে করলা, মরিচ ও বেগুনখেতে পানি জমে গাছ মরে যাচ্ছে ।
বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি আসমতপাড়া গ্রামের কৃষক ওবায়দুল হক বলেন, ‘ঝড় ও বৃষ্টিতে তার পাঁচ একর ভুট্টাখেত মাটিতে নুইয়ে পড়েছে। ওই ভুট্টাখেতে এ পর্যন্ত দুই লাখ টাকা খরচ হয়েছে। এখন খরচের টাকাই আর উঠবে না।’
বদরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, উপজেলায় কিছু ভুট্টা ও বোরো খেত মাটিতে নুইয়ে পড়েছে। কিন্তু এতে কৃষকের চিন্তিত হওয়ার কিছুই নেই। দু-এক দিনের মধ্যে তা ঠিক হয়ে যাবে। তবে টানা বৃষ্টিতে কিছু রবিশস্য ও পাটখেতের ক্ষতি হয়েছে।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ এলাকার এজিএম কাজী হাফিজুল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যুৎ লাইনের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে ও তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়। এতে গতকাল দুপুর পর্যন্ত গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, উপজেলায় প্রায় ৬০-৭০ হেক্টর জমির ধান ও ২৫-৩০ হেক্টর জমির ভুট্টাগাছ ঝড়ে মাটিতে নুইয়ে পড়েছে।
তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের লাইনম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। শুধু উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা গেছে।
এদিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওপর দিয়ে গতকাল ভোরে কালবৈশাখী বয়ে যায়। এতে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নে গাছপালা উপড়ে পড়ে। মাটির ঘর ভেঙে পড়ে। ইরি-বোরো ধান, ভুট্টা ও আমের অপূরণীয় ক্ষতি হয়েছে।
বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো সৈয়দপুর। পরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হলেও অধিকাংশ এলাকা সন্ধ্যা পর্যন্ত ছিল বিদ্যুৎবিহীন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল জানান, কালবৈশাখীর ছোবলে গোটা জেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কৃষি বিভাগের মাঠকর্মীরা কাজ করছেন।