দেশের নদীগুলোকে প্রভাবশালীদের মুনাফা অর্জনের ক্ষেত্র হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। নদীগুলোকে রক্ষার উদ্যোগ না নিয়ে সরকার দখল ও দূষণে বিপর্যস্ত নদীগুলোর জন্য আরেকটি মহাপরিকল্পনা নিতে যাচ্ছে। দেশের বিশেষজ্ঞদের যুক্ত না করে শুধু বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হচ্ছে বদ্বীপ পরিকল্পনা-২১০০। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তা দেশের নদীগুলোর জন্য নতুন অশনিসংকেত হিসেবে দেখা দেবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও জাতীয় নদী রক্ষা আন্দোলন। আন্তর্জাতিক নদী কৃত্য দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থা দুটি থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন।
সংবাদ সম্মেলনে আবদুল মতিন বলেন, ষাটের দশকে সবুজ বিপ্লবের নামে ভুল পরিকল্পনায় দেশে উপকূলীয় বেড়িবাঁধ তৈরি করা হয়েছিল। ওই পরিকল্পনা বাস্তবায়নের পর দেশের বেশির ভাগ উপকূলীয় নদী আজ মৃত্যুর প্রহর গুনছে। এখন আবারও বিদেশি বিশেষজ্ঞনির্ভর বদ্বীপ পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) নিয়ে এগোচ্ছে সরকার। নেদারল্যান্ডসের বদ্বীপের আদলে করা ওই পরিকল্পনা বাংলাদেশের জন্য কখনোই বাস্তবসম্মত হবে না। বরং দেশের যে নদীগুলো কোনোমতে টিকে আছে, তা চিরতরে ধ্বংস হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে দেশের নদী রক্ষায় ১০টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দেশি বিশেষজ্ঞদের নিয়ে বদ্বীপ পরিকল্পনা করা। প্রশাসনিক শক্তি প্রয়োগ করে সব শিল্পকারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র সংযোজনে বাধ্য করা। শহুরে গৃহস্থালি ও হাসপাতাল বর্জ্য নদীতে ফেলা বন্ধ ও তরল বর্জ্য পরিশোধন সম্পূর্ণ বাধ্যতামূলক করা।
তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে বদ্বীপ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে নদী ব্যবস্থাপনা, জলাবদ্ধতা দূরীকরণ ও ভূমি উদ্ধার। ১০০ বছরের এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করছে বিশ্বব্যাংক। এরই মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে।