বনচাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনচাঁদ ফুল। সুন্দরবনের কটকা থেকে তোলা l ছবি: লেখক
বনচাঁদ ফুল। সুন্দরবনের কটকা থেকে তোলা l ছবি: লেখক

বাংলাদেশের উদ্ভিদ প্রজাতির মধ্যে অনেক গাছপালা সহজদৃষ্ট নয়। বনচাঁদ সে রকমই একটি বিরল উদ্ভিদ, যা সুন্দরবনে বেশি দেখা যায়। পাতা, ফুল—কোনোটিই দেখতে চাঁদের মতো নয়। তবু বাংলা নাম বনচাঁদ! তবে ইংরেজিতে একে বলে Whip vine, False rattan, Bush cane। কাণ্ড দেখতে বেতের মতো এবং বেতের মতো ঝোপ তৈরি করে। প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা বনচাঁদ সম্পর্কে লিখতে বলেছিলেন এবং একে বরিশাল অঞ্চলে খুঁজে দেখতে বলেছিলেন। বনচাঁদকে (Flagellariaindica) খুঁজে পেতে তেমন বেগ পেতে হয়নি। ২০০৫ সালের দিকেই উদ্ভিদ নমুনা সংগ্রহ অভিযানের সময় এর প্রথম দর্শন পাই বরিশালের কলেজ অ্যাভিনিউয়ের পরিত্যক্ত এক ভিটার ঝোপে। ১০-২০টি নাগলিঙ্গমসহ আরও কিছু বন্য প্রজাতিও ছিল ওখানে। চারদিকে ছিল জলাশয়। এখন আর একটি গাছ ও ঝোপও অবশিষ্ট নেই। কংক্রিটের চাপে হারিয়ে গেছে। এর বাহ্যিক বৈশিষ্ট্য দেখে মনে হয়েছিল, ওটা উলটচন্ডাল (Gloriosa)–এর কোনো বন্য ভ্যারাইটি। পরে অবশ্যই বইপত্র ঘেঁটে এর সঠিক পরিচয়টা পেয়েছিলাম। এটা Flagellariaceae গোত্রের। সাধারণত কোনো গাছপালার পরিবার বা গোত্রের অধীনে একাধিক জাত থাকে। এই গোত্রের একটিমাত্র জাত Flagellaria। বিশ্বব্যাপী এ গোত্রের রয়েছে চারটিমাত্র প্রজাতি: F. gigantea, F. guinensis, F. neo-caledonia, F. indica। শেষেরটি শুধু ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। এ কারণেই এই উদ্ভিদ অনেক গুরুত্বপূর্ণ। পরে সুন্দরবনে গিয়ে এ লতার মতো ঝোপের দেখা পেয়েছি। সুন্দরবনেই এ গাছ সবচেয়ে বেশি আছে।
এ উদ্ভিদের আদি ভূমি অস্ট্রেলিয়ার উপকূল অঞ্চল। সেখান থেকে ছড়িয়ে পড়েছে উষ্ণমণ্ডলীয় এশিয়া ও আফ্রিকার উপকূলীয় দেশে। ফিজি দ্বীপেও এটি পাওয়া যায়। সুন্দরবন, পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার উপকূল পর্যন্ত এটি দেখা যায়। এটি আরোহী গুল্ম। কাণ্ড প্রায় ১৫ মিটার লম্বা হয় এবং নলাকার। পাতার আগা আকর্ষী ধারক। পত্র আবরণী দুই থেকে সাত সেন্টিমিটার। ফুল আসে এপ্রিল থেকে জুলাইয়ে। ফুল ক্ষুদ্র, পাপড়ি সাদা ও সুবাসী। ফল গোলাকার ছড়াবদ্ধ, মসৃণ পাকা অবস্থায় রক্তিম। একবীজী। ফল হয় সেপ্টেম্বর-নভেম্বের। কাণ্ড ঝুড়ি তৈরিতে ব্যবহার করা হয়। পাতার রস ক্ষতনাশক। অস্ট্রেলিয়ার আদিবাসীরা পাতার রস রক্তক্ষরণ রোধে ব্যবহার করে। কচিপাতা ও নরম কাণ্ড সেদ্ধ করে খাওয়া হয়। আর্দ্র উপকূলীয় বন, স্বাদু পানির জলাভূমির ঝোপ–জঙ্গলে এরা জন্মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল হাসান জানান, এটি সম্পূর্ণ বন্য প্রজাতি এবং বাংলায় এই গোত্রের একটি প্রজাতিই পাওয়া যায়।