বনফুল দিয়েং জুলকাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তোলা ছবি l লেখক
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তোলা ছবি l লেখক

সিলেট বা মৌলভীবাজার বেড়াতে গেলে পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান অন্যতম। পর্যটন মৌসুমে সেখানে মানুষের ঢল নামে। বন বিভাগ বেজায় খুশি! টিকিট বাবদ অনেক টাকা আয়-রোজগার হয়। বছর তিনেক আগে আমিও ঢুকলাম বন দেখতে। আমাদের পাশ কাটিয়ে বনের ভেতর ঢুকল আট-দশটি গাড়ি। তারুণ্যে উদ্দীপ্ত কয়েকটি দলের হল্লা চিৎকারে প্রকম্পিত হলো বনের নির্জনতা। এসব অসচেতন মানুষের কাণ্ডকারখানা দেখে বানর আর হনুমানও ভীত হয়ে বন ছেড়ে পালিয়েছে। মাত্র এক দশক আগেও লাউয়াছড়া উদ্যানে খুব সহজেই বিভিন্ন প্রাণীর দেখা মিলত। অথচ এখন কোনো প্রাণীর দেখা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। ভেতরে আবার কয়েকটি দোকানপাটও গজিয়েছে। ভবিষ্যতে হয়তো দু-একখানা মার্কেটও দাঁড়িয়ে যেতে পারে! যতই ভেতরে যাই ততই মন খারাপ হতে থাকে। যত্রতত্র মানুষের ছুঁড়ে ফেলা বর্জ্যের ছড়াছড়ি। তবে পায়ে হাঁটা পথগুলোর দুপাশে চোখ রাখলে খুব সহজে এই বনের বিশেষত্ব উপলব্ধি করা যাবে। খুব কম বনেই বিভিন্ন উচ্চতার বিচিত্র গাছপালার এমন ঘনত্ব চোখে পড়বে। খুঁটিয়ে দেখে সেদিন বেশ কিছু ফুল-ফল ও লতা-গুল্মের সন্ধান পেয়েছিলাম। যার সিংহভাগই অচেনা। তবে ঢাকায় ফিরে বইপুস্তক ঘেঁটে দিয়েং জুলকাহর পরিচয়টা পেয়ে যাই। নামটি সম্ভবত আদিবাসীদের দেওয়া। কিন্তু সবকিছু নিশ্চিত হবার পরও একটি বিষয়ে দ্বিধা থেকেই যায়। লতানো ধরনের দীর্ঘ মঞ্জরিদণ্ড দেখে ভেবেছিলাম গাছটিও লতানো জাতের। কিন্তু বইয়ের তথ্যমতে এ গাছ গুল্ম শ্রেণির। নিশ্চিত হতে ২০১৫ সালের ডিসেম্বরে আবার সেখানে যাই। অনেক কষ্টে খুঁজে বের করি গাছটি। খুঁটিয়ে দেখি। নিশ্চিত হই, এটা আসলে ছোট ধরনের গুল্ম। শুধু মঞ্জরিদণ্ডটিই লতানো ও ঝুলন্ত স্বভাবের। তারকাকৃতির সুদর্শন ফল দেখেও যে কেউ আকৃষ্ট হতে পারে।
দিয়েং জুলকাহ (Clerodendrum wallichii) মূলত সাড়ে তিন মিটার উঁচু গুল্ম ধরনের গাছ। ইংরেজি নাম ব্রাইডাল ভেইল। এ গাছের বাকল লালচে বাদামি, শাখা-প্রশাখা চার কোনাকার। পত্র সরল, প্রতিমুখও আয়তাকার। কিনারা অখণ্ডিত বা ঈষৎ দাঁতানো, পত্রবৃন্ত ১ থেকে ২ সেন্টিমিটার লম্বা। পুষ্পবিন্যাস সরু ও ঝুলন্ত লম্বাটে দণ্ডে গুচ্ছবদ্ধভাবে বিন্যস্ত। ফুলের রং সাদা, বৃন্ত প্রায় ২ সেন্টিমিটার লম্বা ও সরু। বসন্ত থেকে শীতের প্রথম ভাগ পর্যন্ত ফুল ফোটে। বৃতি নলাকার, সংকুচিত, রক্ত-বেগুনি এবং গভীরভাবে ৫-খণ্ডে বিভক্ত। ফল ঝুলন্ত ও গোলাকার। বেঁচে থাকার ক্ষেত্রে আর্দ্র ও ছায়াযুক্ত স্থান পছন্দ। হিমালয় অঞ্চল, ভুটান, মালয়, ইন্দোচীন ও ওয়েস্ট ইন্ডিজের কিছু অংশে প্রাকৃতিকভাবে জন্মে। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে বিস্তৃত। আবাসস্থল ধ্বংসের কারণে বর্তমানে দুর্লভ। বংশবৃদ্ধি বীজ ও শাখা কলমে।