বনের ছায়ায় বাঘের কায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে হঠাৎ দেখা বাঘ। ২৩ মার্চ।  ছবি: লেখক
সুন্দরবনে হঠাৎ দেখা বাঘ। ২৩ মার্চ। ছবি: লেখক

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর আর আইলার পর আমরা এসেছি সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর পরিবেশ ও প্রতিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করতে। ১০ দিন ধরে চষে বেড়িয়েছি পশ্চিম ও পুবের জঙ্গল। কিছু কিছু পরিবর্তন চোখে পড়ছে। আবার অনেক কিছুই বুঝতে আরও সময় লাগবে। দেখার বিষয় ছিল সুন্দরবনের অনন্য বাসিন্দা বাঘের অবস্থাও।

সিডরের পর কটকা এলাকা হয়ে পড়েছিল মৃত্যুপুরীর মতো। তখন এক বিকেলে জামতলার খালে ঘণ্টা দুই কাটিয়েও একটি পাখি পর্যন্ত দেখতে পাইনি। এবার দেখা গেল কটকার আগের শ্রী প্রায় ফিরে এসেছে। খোঁজখবর নিয়ে জানতে পারলাম, আমতলার বাঘিনী বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় কটকা সমুদ্রসৈকতে। কটকা অফিসের কাছে সঙ্গলিপ্সু দুটি বাঘ নাকি হাঁটাহাঁটি করছে। পশ্চিমের বাদায় নটাবেধার বন অফিসের আঙিনাতেও বাঘ দুটো মাঝেমধ্যে চলে আসে। সংবাদ আশাপ্রদ।

২৩ মার্চ ফেরার পথ ধরলাম হারবাড়িয়া খাল ধরে। গাইড ট্যুরস লিমিটেডের গাইড রবিউল খান আমার পাশেই বসে বাঁ ধারের অন্ধকার ঘনায়মান জঙ্গল দেখে চলেছেন। সময় বিকেল সোয়া পাঁচটা। জঙ্গলে এমনিতেই অন্ধকার নামে আগেভাগে। তার ওপর মেঘলা আকাশ এমনিতেই আঁধার টেনে আনছিল। হঠাৎ গলদা চিংড়ির মতো লাফিয়ে উঠে রবিউলের চিৎকার, বাঘ! বাঘ!

পর্যটকবাহী ছুটি লঞ্চটিতে ১০ জন বাঙালির সঙ্গে ৩ জন ফরাসি ও ১ জন ইতালীয়ও ছিলেন। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। লঞ্চ চলছিল জঙ্গলের পাড় থেকে বড়জোর আট মিটার দূর দিয়ে। জোয়ারের পানি বনের পাড় ছুঁই-ছুঁই করছে।

রবিউল যে দিকটায় বাঘের অস্তিত্ব নির্দেশ করেছিলেন, সেদিকে তাকিয়ে ঘন বুনটের জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ল না। হতাশ হয়ে পড়লাম। খালি চোখেই বাঘ দেখা যাচ্ছে না,৪২০ মিলিমিটার লেন্স দিয়ে দেখার আশা তো দুরাশা মাত্র। ভাবলাম, ধৈর্য না হারিয়ে ঠান্ডা মাথায় খুঁজি।

হ্যাঁ, ওই তো, মনে হচ্ছে বাঘ। বাইনোকুলারের চোখে সেটাই মনে হলো। এবার লেন্স তাক করলাম। বাঘ চলে এল চোখের সীমানায়। প্রায় অন্ধকারে দাঁড়িয়ে। বাঘের সামনে গেওয়াগাছের বিক্ষিপ্ত ডালপালার জন্য ক্যামেরা স্থির ফোকাস করতে পারছে না। ফোকাস আগুপিছু করছে।

জোয়ারে ধাবমান লঞ্চ থেকে এ পরিস্থিতি চূড়ান্ত হতাশা নিয়ে এল। ম্যানুয়াল ফোকাসে যাওয়ার সময়ও নেই। বোট একটু এগোতেই বিরল সৌভাগ্য। ডালপালার ফাঁকে খালি ফোকরের মতো সামান্য অবকাশ পেয়েই ক্যামেরার শাটার বাটন চেপে ধরলাম। পাঁচটি শট নিতেই ঝোপে ঢুকে গেল বাঘ। মনিটরে দেখি একটিমাত্র ফ্রেম কাজে এসেছে। অন্যগুলো কাঁপা কাঁপা, ফোকাস বিগড়ানো।

৪০ বছর ধরে সুন্দরবনে ঘুরে বাঘ দেখেছি বেশ কয়েকবার। সুন্দরবনের বাঘ সচরাচর হালকা গড়নের, হলদেটে চকলেট রঙের। ছয়-সাত বছর বয়সী এই তরুণ বাঘটির মতো তাগড়া জোয়ান বাঘ আর কখনো দেখিনি। লম্বায় সাড়ে আট ফুটের কম হবে না। আধো আলোতেও বোঝা যায়, মহাশয়ের শরীরের রং প্রায় সোনালি হলদে। অনেকটা গোলপাতাগাছের ফুলের রঙের মতো।

জঙ্গলের মুক্ত বাঘ যাঁরা দেখেননি, তাঁদের বোঝানো সম্ভব নয়, মনের মধ্যে কী প্রভাব সেটি ফেলতে পারে। বাঘ দেখার উত্তেজনা নিভে এলে লঞ্চের আরোহীরা কেমন অদ্ভুত নীরব হয়ে গেলেন।

সায়াহ্নের বাঘ মিলিয়ে গেল নিবিড়তর অন্ধকারে।