বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর বিপৎসংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে।
বন্দর পরিচালনা পর্ষদের সদস্য মো. জাফর আলম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে ‘অ্যালার্ট-৩’ জারি করার পর বন্দরে পণ্য ওঠানো-নামানো ও বন্দর চত্বর থেকে পণ্য খালাসের কাজ সীমিত আকারে হয়েছে। যেসব জাহাজের নিজস্ব ক্রেন ছিল শুধু সেগুলো থেকে পণ্য খালাস হয়। বন্দর চত্বর থেকেও কনটেইনারভর্তি পণ্যও খালাস হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, গতকাল বন্দর জেটিতে কোনো জাহাজ ভেড়ানো হয়নি। তবে পণ্য খালাস ও বোঝাই শেষে বন্দর জেটি ত্যাগ করার অনুমতি দেওয়া হয়। বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোর একটি থেকে আরেকটি নিরাপদ দূরত্বে রাখার জন্য জাহাজের মাস্টারদের নির্দেশনা দেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের তথ্য অনুযায়ী, গতকাল বন্দরের বহির্নোঙরে ৪৮টি পণ্যবাহী জাহাজসহ ৭২টি জাহাজ অবস্থান করছিল।
বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে জানান, ‘বন্দর জেটিতে ১৮টি জাহাজ রয়েছে। এসব জাহাজের মাস্টারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় পণ্য খালাস শেষ না হলেও ডাইনামিক ওশান নামের একটি জাহাজকে জেটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
১৯৯২ সালে বন্দর কর্তৃপক্ষের প্রণীত ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুযায়ী চার ধরনের সতর্কতা জারি করে বন্দর। আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে বন্দর প্রথম পর্যায়ে সতর্কতা বা ‘অ্যালার্ট-১’ জারি করে।
আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর সংকেত জারি করলে বন্দর অ্যালার্ট-২ জারি করে। বিপৎসংকেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অ্যালাট-৩ জারি করা হয়। মহাবিপদ সংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট-৪ জারি করা হয়। সর্বোচ্চ সতর্কতা জারি হলে বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হয়।