বন্যপ্রাণী রক্ষার জন্য পুরস্কার পাচ্ছে র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যপ্রাণী রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৫ সালের বঙ্গবন্ধু বন্যপ্রাণী অ্যাওয়ার্ড পাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান। 

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদকের জন্য মনোনীত হয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক আবদুল মুকিত মজুমদার (বাবু)। কাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেবেন।
আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রনালয়। প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন জাতীয় পরিবেশ পদক ও বন্যপ্রাণী অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও জাতীয় বৃক্ষমেলা শুরু হয়। এ বছর নানা কারণে নির্ধারিত সময়ে ওই অনুষ্ঠান শুরু হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ বলেন, মনজিল মোরসেদ পরিবেশ রক্ষায় আইনি লড়াই করায় তাঁকে এই পদক দেওয়া হবে। মুকিত মজুমদার বাবু চ্যানেল আইতে ‘প্রকৃতি ও জীবন’ নামে একটি অনুষ্ঠান করে পরিবেশ ও বন্যপ্রাণী বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন। তাই তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
সচিব আরও বলেন, অধ্যাপক মনিরুল এইচ খান বেঙ্গল টাইগার ও অন্যান্য বন্যপ্রাণী নিয়ে গবেষণা ও লেখালেখির মধ্য দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অন্যদিকে র‍্যাব বন্যপ্রাণী পাচার রোধ ও পাচার হওয়া বন্যপ্রাণী উদ্ধার করার মধ্যমে গুরুপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে তাদের এ পুরস্কারে মনোনীত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, সরকার এ বছর চার কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এসব গাছের চারা সাধারণ মানুষের কাছে বিতরণ করবে। সাধারণ মানুষ এই গাছ লাগাবে এবং এই গাছের অংশীদার হবে।

অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘দেশের নদী-নালায় কোনো একটি নৌযান থেকে তেল পড়লেই কিছু এনজিও “পরিবেশ গেল. পরিবেশ গেল” বলে রব তোলে। এতে ওই এনজিওগুলো কিছু টাকা পায়।’
সুন্দরবনের পাশে আকেরটি সুন্দরবন গড়ে উঠছে মন্তব্য করে মন্ত্রী বলেন, কয়েক বছর আগেও দেশের মোট ভূমির ১০ শতাংশ ছিল বনভূমি। বর্তমান সরকারের আমলে বনের পরিমাণ তিন শতাংশ বেড়ে ১৩ শতাংশ হয়েছে।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান বন সংরক্ষক ইউনুস আলী ও পরিবেশ দিবসের কর্মসূচি তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল।