বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতা নিয়ে বিশেষ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতার কারণ শনাক্ত করা ও সমাধানের লক্ষ্য নিয়ে ১২ ও ১৩ জানুয়ারি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর কৃষি ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় দুদিনের এই সম্মেলনের মূল আয়োজক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। 

আজ বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাপা ও বেন এ তথ্য জানিয়েছে।
সম্মেলনের সহযোগী আয়োজক হিসেবে থাকছে নয়টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পাঁচটি শিক্ষা, গবেষণা ও পেশাজীবী সামাজিক সংগঠন।
বিশেষ সম্মেলনের লক্ষ্য তুলে ধরে বেনের সভাপতি ড. নজরুল ইসলাম বলেন, এ সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতা সমস্যার মূল কারণগুলো শনাক্ত করা। একই সঙ্গে সমস্যাগুলো সমাধানে ব্যর্থতার ক্ষেত্রে সরকারের নীতি ও প্রকল্প নিয়ে আলোচনা করা। ব্যর্থতার ক্ষেত্রগুলোতে বিদেশি পরামর্শক ও ঋণের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে। এ ছাড়া সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে কার্যকর কর্মকৌশল নিয়েও আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুদিনব্যাপী সম্মেলনটি চারটি সাধারণ সভা, বৈজ্ঞানিক সভা ও বিশেষজ্ঞ সভায় ভাগ করা হয়েছে। বৈজ্ঞানিক সভার ক্ষেত্রে তিনটি সেশনে একই সঙ্গে ১৫টি সভা হবে। এতে উপস্থাপন করা হবে ৭০টি প্রবন্ধ। ৩৭টি বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি সামাজিক আন্দোলনের সংগঠকেরা আলোচনা করবেন। সম্মেলনে সাম্প্রতিক সময়ে বন্যা ও হাওর অঞ্চলের বিশেষ বন্যা এবং রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতা পরিস্থিতির অভিজ্ঞতা তুলে ধরা হবে। পাশাপাশি ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের ভেতর জলাবদ্ধতা ও সাম্প্রতিক সময়ে পাহাড়ে ভূমিধসের তথ্যও তুলে ধরা হবে।
বিশেষজ্ঞ সভায় অংশ নেবেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা।

বিশেষ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, আমরা যা নিয়ে আন্দোলন করি, তা বিজ্ঞানভিত্তিক। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা আলোচনা করি।
প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, সম্মেলনটি আমরা নিজেদের টাকা দিয়ে করছি। তাই এতে আমাদের আলাদা শক্তি কাজ করবে।

আরও বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, বাপার যুগ্ম সম্পাদক ও রিভার্স কিপারস বাংলাদেশের সভাপতি শরীফ জামিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম।