বন্যায় কৃষকদের ১৯৬ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় জামালপুরের কৃষকদের ১৫৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে রোপা আমনসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া বন্যায় সুনামগঞ্জে রোপা আমন নষ্ট হওয়ায় কৃষকদের ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় এবারের বন্যায় ১ লাখ ৫৪ হাজার ৯৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিন সপ্তাহের বন্যায় জেলায় ৪১ হাজার ৮৯৩ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এসব ফসলের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫৬ কোটি ১০ লাখ টাকা।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি চিনাডুলী গ্রাম, পূর্ব বামনা, দক্ষিণ চিনাডুলী, ডেপরাইপ্যাচ, কদমতলী, বলিয়াদহ, পূর্ব বলিয়াদহ দেলীরপাড়; বেলগাছা ইউনিয়নের জারুলতলা, মন্নিয়ারচর বেলগাছা, কাছিমা; কুলকান্দি ইউনিয়নের মাঝিপাড়া, আটিয়ামারি; পাথর্শী ইউনিয়নের খানপাড়া, পাথর্শী গ্রাম এবং নোয়ারপাড়া ইউনিয়নের রাজনগর, তারতাপাড়াসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, ধানের চারাগুলো নষ্ট হয়ে গেছে। অনেক খেতে বন্যার কারণে রোপা আমন তলিয়ে গেছে। অনেক কৃষক আবার ফসল ফলানোর জন্য জমির আগাছা পরিষ্কার করছেন।
চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামের আমির হোসেন জানান, তিনি পাঁচ বিঘা জমিতে রোপা আমন লাগিয়েছিলেন। বন্যার পানিতে সব চারা মরে গেছে। কীভাবে চলবে সংসার, তা নিয়ে তিনি এখন দুর্ভাবনার মধ্যে রয়েছেন। বন্যা-পরবর্তী অবস্থা নিয়ে এখনো তিনি কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ বা সহযোগিতা পাননি।
আমির হোসেনের খেত থেকে একটু দূরে মোবারক আলীর আট বিঘা জমিরও একই অবস্থা। মোবারক আলী বলেন, ‘বন্যায় বাড়িঘরের সঙ্গে জমির সব ফসল পানির নিচে ছিল এক সপ্তাহ। বন্যার কয়েক দিন আগেও খেতে প্রায় দুই হাজার টাকার সার দিয়েছিলাম। এখন আবার খেতে ফসল ফলাব, সেই চারাও নাই।’
কদমতলী গ্রামের বাহাজ উদ্দিনের এক বিঘা জমির রোপা আমনের চারাগুলো বন্যার পানির সঙ্গে আসা কাদায় তলিয়ে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘হঠাৎ বন্যায় ফসলসহ সবকিছু তছনছ করে দিয়েছে। নতুন করে আবার চারা লাগানোর সময়ও নাই। বুঝতে পারছি না কী করব?’
ইসলামপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, সারা জেলার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা ইসলামপুর। এবারের বন্যায় ৮ হাজার ৮৯২ একরের রোপা আমনের খেত নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতিবছর ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হয়। এবারও সহায়তা করা হবে।
জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের সহযোগিতা করা হবে।
দুই দফা বন্যায় গত এক মাসে সুনামগঞ্জে ৪০ হাজার একরের বেশি জমির রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার ৬৫ হাজার ৭৮৫ জন কৃষক লোকসানের মুখে পড়েছেন। তাঁদের ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, এই মৌসুমে সুনামগঞ্জে ১ লাখ ২৬ হাজার ১৫০ একর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছিল। কিন্তু দুবারের বন্যায় ৪০ হাজার ২০৯ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়। মধ্য জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমন ধানের চারা রোপণ করা যায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বন্যা হয়। তখন প্রায় ২০ হাজার একর জমির আমন ধান নষ্ট হয়। এরপর চলতি মাসের শুরুর দিকে আবার বন্যা হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
কৃষি বিভাগের তথ্যমতে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলায়। বিশ্বম্ভরপুরে ৭ হাজার ৩৯১ একর ও দোয়ারাবাজারে ৭ হাজার ২৪০ একর আমন ধান নষ্ট হয়েছে।
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিরুল হক বলেন, দুই দফা বন্যায় রোপা আমনের ক্ষতি বেশি হয়েছে। এই ক্ষতির প্রভাব বোরো মৌসুমেও পড়বে। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সরকারের পক্ষ থেকে তাঁদের সহায়তা করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহেদুল হক জানান, তাঁরা ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। একই সঙ্গে কৃষকদের সহায়তার কথাও বলা হয়েছে। সহায়তা পেলে বোরো মৌসুমে তাঁরা কিছুটা উপকৃত হবেন।