বন্যার অবনতি আট জেলায়
আটটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলাগুলো হলো বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, সুনামগঞ্জ, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী। বেশির ভাগ নদ-নদীর পানি বাড়তে থাকায় আগামী কয়েক দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গতকাল রোববার পাউবোর বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী ও মুন্সিগঞ্জ জেলার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাউবোর ৮৫টি মনিটরিং স্টেশনের মধ্যে ৫১টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৩টি স্থানে হ্রাস পেয়েছে।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সারিয়াকান্দি ও ধুনট (বগুড়া): যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধুনটের ১২টি ও সারিয়াকান্দির ১০টি গ্রাম প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
দুটি উপজেলায়ই দুর্গত এলাকায় খাওয়ার পানির জন্য হাহাকার চলছে। গত দুই দিনে বাঁধে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। সেখানেও রয়েছে খাদ্য ও পানির সংকট। নেই টয়লেট সুবিধা। ফলে তাদের দুর্ভোগ এখন চরমে।
যমুনায় পানি বেড়ে যাওয়ায় সারিয়াকান্দির ৬৫টি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি ঢুকে বন্ধ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, যমুনা নদীর পানি গতকাল নতুন করে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।
কুড়িগ্রাম: ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৭২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এখনো ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় বন্যাকবলিত এলাকাগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
চিলমারী উপজেলার মানুষ মারার চরের বাসিন্দা মানিক, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের পাঁচগাছী গ্রামের সুফিয়া বেগমসহ অনেকে তাঁদের দুর্ভোগের কথা জানান। সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন জানান, তাঁর ইউনিয়নের প্রায় ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাওয়া যায়নি। কৃষি বিভাগ বলছে, বন্যার পানিতে ৪৫ হাজার ৮৪০ হেক্টর জমির আমনখেত ডুবে গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জামালপুর: ইসলামপুর উপজেলায় যমুনার পানি গতকাল দুপুরে বাহাদুরাবাদ হার্ড পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার থেকে যমুনার পানি বাড়তে শুরু করে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ওই উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, সাপধরী, কুলকান্দি, পাথর্শী ও বেলগাছা ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
মাদারগঞ্জে গত তিন দিনে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর এলাকাসহ উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলে বন্যায় প্রায় আট হাজার পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় ৩৮৫ হেক্টর রোপা আমন, ৩০ হেক্টর আউশ ধান ও ১৫ হেক্টর জমির শাকসবজি তলিয়ে গেছে।
সুনামগঞ্জ: জেলার ১১টি উপজেলার আট হাজার হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। বীজতলা তলিয়ে গেছে আরও সাড়ে পাঁচ শ হেক্টর জমির। পানিতে তলিয়ে যাওয়া এসব ধানের বেশির ভাগই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ২৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার নয়টি উপজেলায় ৮ হাজার ১২০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।
গাইবান্ধা: চারটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ নিয়ে ২৫টি ইউনিয়ন প্লাবিত হলো। এসব ইউনিয়নের প্রায় ৫৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নতুন করে বন্যাকবলিত ইউনিয়নগুলো হলো সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা, দহবন্দ, ছাপরহাটি, ধোপাডাঙ্গা, রামজীবন; সদর উপজেলার গিদারি; ফুলছড়ি উপজেলার উড়িয়া, কঞ্চিপাড়া এবং সাঘাটা উপজেলার সাঘাটা সদর, জুমারবাড়ি, ঘুড়িদহ ও ভরতখালী। এ ছাড়া তিস্তা নদীর পানির স্রোতে গতকাল সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-বেলকা সড়কের রামডাকুয়া সেতু এবং তারাপুর-খোর্দ্দা সড়কে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকো ভেসে গেছে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই মিল্টন জানান, বন্যাকবলিত মানুষের জন্য উপজেলার ১৫টি ইউনিয়নে ১২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৪ সেন্টিমিটার বেড়ে গতকাল সকালে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শনিবার রাতে সিরাজগঞ্জের বাহুকায় রিং বাঁধের ২০০ মিটার এলাকা ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় কয়েক শ বাড়ি প্লাবিত হয়েছে। ফলে বন্যা প্রতিরোধে বিকল্প হিসেবে নির্মিত অস্থায়ী রিং বাঁধটি ঝুঁকির মধ্যে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচি এলাকার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। সারা জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে ৩০টি প্লাবিত হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী): তিন দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উপজেলার বিস্তীর্ণ জনপদ জলমগ্ন হয়ে পড়েছে। ২৫৫ হেক্টর আমনের ফসল ডুবে গেছে। পানিতে নষ্ট হয়েছে শাকসবজি। দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। কমপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল সরেজমিনে দেখা যায়, সৈয়দপুরের চিকলী নদী উপচে পানি ফসলি জমি প্লাবিত করে লোকালয়ে ঢুকে পড়েছে। কামারপুকুর, খাতামধুপুর, কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী ও বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম কোথাও হাঁটুপানি, কোথাও চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। ওই সব ইউনিয়নের নিচু এলাকার গ্রামগুলোতে কমপক্ষে ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল জানান, বর্ষণজনিত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ২৫৫ হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। দু-এক দিনের মধ্যে পানি নেমে না গেলে এই ফসলের ব্যাপক ক্ষতি হবে।
কাউনিয়া (রংপুর): আকস্মিক বন্যায় উপজেলার মৎস্যচাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১ হাজার ৮৯৬টি পুকুরের মধ্যে ১ হাজার ৩৭১টি থেকে ১৭ কোটি ৩১ লাখ টাকার মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা। উপজেলার ৫ হাজার ১০০ হেক্টর আমন ও ৮০ হেক্টরের সবজিখেত পানিতে তলিয়ে গেছে বলে জানান উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বদরুল ইসলাম।