বন্যার কবলে দাসিয়ারছড়াবাসী

অবিরাম বর্ষণ ও নীলকুমার নদের পানিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে সাবেক ছিটমহল দািসয়ারছড়ায় ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। উপজেলা সদরের সঙ্গে দািসয়ারছড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম নীলকুমার নদের ওপরকার সাঁকোটি গত শুক্রবার রাতে পানিতে ভেসে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখানকার মানুষ। বন্যাকবলিত হয়ে এখানে অন্তত এক হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে।
সরেজমিন গতকাল সোমবার দেখা যায়, দািসয়ারছড়ায় পানিতে ডুবে আছে ফসলি জমি। কিছু কিছু বাড়িতেও পানি উঠেছে। স্থানীয় কৃষক প্রতাপ চন্দ্র বলেন, ‘১৫ দিন আগে রোপা আমনের চারা লাগাইছি। ধানের গাছ ঝড়ি পায়া সবুজ হয়া উঠছিল। বন্যা-বৃষ্টিত সউগ শ্যাষ।’
বিলুপ্ত ছিটমহল আন্দোলনের নেতা আলতাফ হোসেন বলেন, দািসয়ারছড়ায় মোট জমির পরিমাণ ১ হাজার ৬৪৩ হেক্টর। এর অধিকাংশই ডুবে গেছে। এক সপ্তাহ যাবৎ এ অবস্থা। তিনি আরও বলেন, আজোটারীর ইন্দিরার পাড় হয়ে বোর্ডের হাট দিয়ে শিমুলতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা, বালাতারী থেকে হাটুয়া হাটা প্রায় দুই কিলোমিটার, কালিরহাট থেকে টনকার মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার, ধোপার কুড়া থেকে সিএমইএস স্কুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার, ধোপার কুড়া থেকে দোলাটারী দিয়ে টনকার মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার, কালিরহাটের ঘোষের আড়া থেকে কামালপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার, বানিয়াটারী থেকে বোর্ডের হাটের নুরুটারী পর্যন্ত দুই কিলোমিটার এবং মোজাফ্ফরের বাড়ি থেকে পশ্চিমে ধোপাকড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এ মুহূর্তে চলাচল অযোগ্য হয়ে আছে। এসব রাস্তার কোথাও এক বুক আবার কোথাও এক হাঁটু পানি। আলতাফ হোসেন আরও বলেন, দািসয়ারছড়ার প্রায় এক হাজার পরিবার বর্তমানে পানিবন্দী হয়ে আছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করা দািসয়ারছড়ার বাসিন্দা হাবিবুর ইসলাম বলেন, ‘পানি না নামলে খুব ক্ষতি হবে। আমার বাড়ির সামনে থেকে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি।’ তিনি আরও বলেন, বিশেষ করে দোলাটারীর দাশেরছড়া, ধোপার জমা, বটডোবা, ভাটিয়াটারীর নিচু এলাকার শত শত একর জমির রোপা আমন পানিতে ডুবে আছে। নীলকুমার নদের প্রবল স্রোতে বন্যাকবলিত হয়ে পড়েছে সদ্য বিলুপ্ত দািসয়ারছড়া ছিটমহল।
ওহায়েদুর নামের এক যুবক বলেন, ‘এন্ডিয়া থাকি বাংলাদ্যাশ হলাম। এটা হামার প্রথম বিপদ। দেখি সরকার কী করে। তয় এয়ন পর্যন্ত কাইও খোঁজ নিবার আসে নাই।’
সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান বলেন, যত দ্রুত সম্ভব দািসয়ারছড়ার জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা গ্রহণ করা দরকার। তা না হলে রোপা আমন ধান আর এখানকার কৃষকেরা ঘরে তুলতে পারবেন না। এখানকার মানুষ কৃষির ওপরই নির্ভরশীল। পানিতে রাস্তাঘাট ভেঙে গেছে। মানুষ চলাচল করতে পারছে না
ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান বলেন, দািসয়ারছড়ার সড়ক উন্নয়নে এই মুহূর্তে কোনো তহবিল নেই। তবে উপজেলা পরিষদ থেকে তহবিল সংগ্রহ করে যত দ্রুত সম্ভব এখানকার রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুবুর রশিদ বলেন, ‘শুধু দািসয়ারছড়া নয়, ফুলবাড়ীতে প্রায় দুই থেকে আড়াই হাজার হেক্টর জমির রোপা আমন ধানসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। পানি দ্রুত নামলে তেমন ক্ষতি হবে না। তবে দীর্ঘস্থায়ী হলেই সমস্যা। আমরা নজর রাখছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘আমি দািসয়ারছড়ায় গিয়েছি। পরিস্থিতি দেখে এসেছি। রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী।’ এসব রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।