
ঢেউয়ের আঘাতে ভিটার মাটি সরে গেছে। বাঁশের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে ঘরের কাঠামো। কোনোটার বেড়া ভেঙে পড়েছে। বাড়িঘর জনমানবশূন্য। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের ভোলারকান্দি গ্রামে এ রকম বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা অনেক।
প্রায় তিন কিলোমিটার দূরে আজিমগঞ্জ বাজারের কাছে সিদ্দেক আলী উচ্চবিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন ভোলারকান্দি গ্রামের আকরম আলী। গতকাল শনিবার তিনি বলেন, ‘বাড়িঘর আফালে (ঢেউয়ে) রাখের না। হকলতা ধইয়া নিছেগি (সবকিছু ধুয়ে নিয়েছে)। ১৫-২০ দিন ধরি আশ্রয়কেন্দ্রে আছি। আওর (হাওরে) বাদালে যাই। ১০০-২০০ টাকার মাছ পাই। অগুইন (এগুলো) দিয়া চলরাম। একদিন আট কেজি চাউল পাইছি।’
সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজার থেকে নৌকা করে ভোলারকান্দি গ্রামে ঢুকতেই চোখে পড়ে পানিবন্দী বাড়িগুলো। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখা যায়, অনেক বাড়িরই ভিটে বাঁশ ও কচুরিপানা দিয়ে ঢেউ থেকে রক্ষার চেষ্টা করা হয়েছে। অনেক ভিটার মাটি হাওরের ঢেউয়ে ভেসে গেছে। ঘরের নিচে ফাঁকা হয়ে আছে। বাঁশের খুঁটির ওপর টিনের চালা ও বেড়া দাঁড়িয়ে আছে। গ্রামের কনই মিয়ার ঘরসহ বেশ কিছু ঘরের বেড়া দেখা গেল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে। বেড়ার স্থান ফাঁকা হয়ে আছে। গ্রামের দক্ষিণ প্রান্তের আবদুল মতলবের বাড়ির পাঁচটি ঘরের ভিটের মাটি ভাসিয়ে নিচ্ছে ঢেউ। বাড়ির তিনটি ঘরে পানি উঠেছে। অন্য দুটিতে পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন। এ বাড়ির সদস্য রিপন আহমদ বলেন, ‘কুনু (কোনো) ঘরর পিছ (পেছন) নাই। আফালে সারা মাটি লইয়া গেছেগি।’
সুজানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পড়েছে ভোলারকান্দি। এই ওয়ার্ডের ইউপি সদস্য মাসুক আলী বলেন, ‘ভোলারকান্দি গ্রামের ৮০টি পরিবার আশ্রয়কেন্দ্রে গেছে। গ্রামে মোট পরিবার সাড়ে চার শ। এর মধ্যে প্রায় দেড় শ ঘর একেবারে ভেঙে পড়েছে। বেশির ভাগ মানুষই মৎস্যজীবী। পানি বেশি হওয়ায় মাছ নেই। আজ (গতকাল) পাঁচ নৌকা থেকে ৩০০ টাকার মাছ কিনেছি। ৪ নম্বর ওয়ার্ডে দরিদ্র পরিবারের সংখ্যা ৮০০। এবারের বন্যায় অনেকেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হয় না। ভোলারকান্দির পাশাপাশি আমবাড়ি, বাঘমারা, উত্তর বাঘমারা, দশঘরি, পাল্লা, বাড্ডা, বারোআলি, শালদিঘা, শান্তিনগর, পাটনাসহ হাওরপারের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
সুজানগর ইউপির চেয়ারম্যান নছিব আলী বলেন, ‘আমার ইউনিয়নে ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউ ঘরের বেড়া ভেঙে ফেলেছে। এখন জরুরি ভিত্তিতে মাটি ও ঢেউটিন দরকার।’
ইউএনও এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি বরাদ্দের বাইরে বেসরকারি পর্যায়ে ত্রাণের জন্য আহ্বান জানিয়েছিলাম। প্রচুর সাড়া পেয়েছি। বিভিন্ন সংগঠন বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। যদি কেউ বলেন, ত্রাণ পাচ্ছেন না, তাহলে তিনি মিথ্যা বলছেন। এ ছাড়া দ্রুতগতিতে পানি নেমে যাচ্ছে।’