বন্যার পানি আরও বেড়েছে, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল তলিয়ে গেছে খাগড়াছড়ি–মহালছড়ি–রাঙামাটি সড়ক। মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকায় প্রায় আধা কিলোমিটার অংশে কোমরপানি ডিঙিয়ে চলাচল করছেন লোকজন। ছবিটি বিকেল পাঁচটায় তোলা l নীরব চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল তলিয়ে গেছে খাগড়াছড়ি–মহালছড়ি–রাঙামাটি সড়ক। মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি এলাকায় প্রায় আধা কিলোমিটার অংশে কোমরপানি ডিঙিয়ে চলাচল করছেন লোকজন। ছবিটি বিকেল পাঁচটায় তোলা l নীরব চৌধুরী

টানা কয়েক দিনের বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। তলিয়ে গেছে চট্টগ্রাম, বান্দরবান ও ফেনীর বিভিন্ন এলাকা। রাস্তাঘাট ডুবে থাকায় বেড়েছে দুর্ভোগ। বিচ্ছিন্ন হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ।

চট্টগ্রামের বোয়ালখালীতে ঢলের পানিতে ভেসে মো. মতিউর রহমান (৩২) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া লামায় ভেসে যাওয়া জাবের আহমেদ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত হাতি।

গতকাল সোমবার প্রথম আলোর প্রতিনিধিরা বিভিন্ন এলাকা ঘুরে বন্যা পরিস্থিতির খবর পাঠিয়েছেন।

চট্টগ্রামের বোয়ালাখালীতে ঢলের পানি ও কর্ণফুলী নদীর জোয়ারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরণদ্বীপ ইউনিয়ন। এখানে অভ্যন্তরীণ বেশির ভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় লোকজন চলাচল করছে নৌকায় চড়ে। এ ছাড়া জোয়ারের ধাক্কায় কালুরঘাট-ভান্ডালজুড়ি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

চরণদ্বীপ ঘাটিয়ালপাড়ার বাসিন্দা মো. নজির আহমদ (৭৫) বলেন, ‘গত তিন দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছি। ঘরে রান্নার চুলা জ্বলছে না।’

অস্বাভাবিক জোয়ারে চট্টগ্রামের আনোয়ারায় চারটি ইউনিয়নের ১২টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকায় অপর সাতটি ইউনিয়নের ২৩টি গ্রাম এখনো জলাবদ্ধ রয়েছে। এসব গ্রামে তলিয়ে গেছে পুরো ফসলি জমি।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, গতকাল সোমবার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা, ঘাটকুল, বারআউলিয়া, দক্ষিণ সরেঙ্গা, জুঁইদণ্ডী ইউনিয়নের পশ্চিম জুঁইদণ্ডী, দক্ষিণ জুঁইদণ্ডী, পূর্ব জুঁইদণ্ডী ও খুরুস্কুল, বরুমচড়ার ভরাচর, বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ, তৈলারদ্বীপ ও পূর্ব বারখাইন এলাকায় খোলা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে।

গতকাল দুপুরে জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুলের গোদারপাড় এলাকার গিয়ে দেখা যায়, বেড়িবাঁধ উপচে শঙ্খ নদের পানি লোকালয়ে প্রবেশ করছে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা কৃষি কার্যালয় জানায়, বৃষ্টি ও জোয়ারের কারণে উপজেলার ৩২০ হেক্টর আমনের বীজতলা, ১ হাজার ২০০ হেক্টর আউশ ফসল ও পাঁচ হেক্টর সবজিখেত পানিতে তলিয়ে  গেছে। দু-এক দিনের মধ্যে পানি না নামলে এসব ফসল নষ্ট হয়ে যাবে।

 পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন বলেন, গতকাল শঙ্খের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি ছিল।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত বৃহস্পতিবার থেকে অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে আছে। গতকাল ধুরুং, লেলাং, তেলপারই, সর্তা ও হালদা নদীর পানি আরও বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্ধ হয়ে গেছে গ্রামীণ সড়কে যোগাযোগ। এ তথ্য জানান প্রাকৃতিক দুর্যোগ মনিটরিং সেলের প্রধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ তারিকুল ইসলাম।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার রায় বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিবরণ সংগ্রহ করে জেলা প্রশাসনে পাঠানো হবে।

চট্টগ্রামের রাউজানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল সাতটি ইউনিয়নের অন্তত এক শ গ্রামের অর্ধলক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যোগাযোগবিচ্ছিন্ন হয়ে গেছে নোয়াপাড়া, উরকিরচর, পশ্চিম গুজরা, বাগোয়ান, ডাবুয়া, চিকদাইর ও হলদিয়া ইউনিয়নের সড়কগুলো।

পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম মদুনাঘাট অঞ্চলের উপসহকারী প্রকৌশলী শাহিন বাদশা বলেন, হালদা ও কর্ণফুলীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়েছে আট ফুট। এতে দুই নদীর তীরবর্তী হাজারো বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

টেকনাফের নাফ নদীতে জোয়ারের পানিতে কোনো একসময় ভেসে আসে মৃত হাতিটি। ছবিটি গতকাল বিকেলে হ্নীলার নাটমোরাপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তোলা l প্রথম আলো
টেকনাফের নাফ নদীতে জোয়ারের পানিতে কোনো একসময় ভেসে আসে মৃত হাতিটি। ছবিটি গতকাল বিকেলে হ্নীলার নাটমোরাপাড়া বেড়িবাঁধ এলাকা থেকে তোলা l প্রথম আলো

সাতকানিয়ায় ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৭ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া পানিতে তলিয়ে গেছে কেরানীহাট-বান্দরবান সড়ক, সাতকানিয়া-বাঁশখালী সড়কসহ উপজেলা ও পৌরসভার বেশ কিছু গ্রামীণ সড়ক। ভেসে গেছে আমন ধানখেত ও আমনের বীজতলা। 

টানা কয়েক দিনের বৃষ্টিতে সাতকানিয়া উপজেলার ডলু, ইছামতি, হাঙর খাল ও শঙ্খ নদের পানি বেড়ে আশপাশের গ্রামগুলো প্লাবিত হয়েছে। গতকাল দুপুরে আমিলাইষ ইউনিয়নে তিনটি বসতঘর শঙ্খ নদে বিলীন হয়ে গেছে।                

 দুই দিন বিরতির পর গতকাল ভোররাত থেকে আবার টানা বৃষ্টি শুরু হয়েছে নোয়াখালীতে। দুই দিনে জেলা শহর ও বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল বিকেল নাগাদ ফের অবনতি হয়েছে। গতকাল বিকেলে শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, মাইজদীকোর্ট-ষ্টেশন, সরকারি মহিলা কলেজের আশপাশের সড়কে এবং বিভিন্ন বাড়ির ভেতরে পানি ঢুকে পড়ে।

এদিকে নোয়াখালী জেলার নয়টি উপজেলায় আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুই দিন বৃষ্টি বন্ধ থাকার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে জানান সেনবাগ উপজেলার কাদরা গ্রামের কৃষক আবুল কাশেম।

বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া বেইলি সেতু ডুবে গেছে। নৌকায় চলাচল করছেন লোকজন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বান্দরবান-রাঙামাটি সড়কের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া বেইলি সেতু ডুবে গেছে। নৌকায় চলাচল করছেন লোকজন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবুল হোসাইন প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ১ হাজার ৩৫০ হেক্টর জমির আমন বীজতলা ডুবে রয়েছে।

জেলা শহরের জলাবদ্ধতা প্রসঙ্গে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল খননের একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলোর বাস্তবায়ন হলে পরিস্থিতির উন্নতি হবে।

কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ২৪টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।

এদিকে গতকাল দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়ার কাছে নাফ নদীতে একটি মরা হাতি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে বন বিভাগের লোকজন এসে মৃত হাতিটি উদ্ধার করে। স্থানটি টেকনাফ সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার ও হ্নীলা বাসস্টেশন বাজার থেকে তিন কিলোমিটার দূরে।

বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব প্রথম আলোকে বলেন, হাতিটি মিয়ানমারের উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভেসে আসা হাতিটি দুই-তিন দিন আগে মারা যাওয়ায় দেহে পচন ধরেছে। 

বান্দরবানের লামা উপজেলার বমু খালের কচুছড়া নামক স্থান থেকে গতকাল সকালে পানিতে ভেসে আসা মো. জাবের আহমদ (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গত রোববার গজালিয়া ইউনিয়নের দুর্গম লুলাইং খালের মুখে উজান থেকে নেমে আসা একটি গাছ ধরতে গিয়ে তিনি ভেসে যান। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের মালুম্যা এলাকার বাসিন্দা।

ফেনী দাগনভূঞা উপজেলার সিন্দুরপর ইউনিয়নের তিন গ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ফুলগাজী ও ছাগলনাইয়ায় নতুন করে প্লাবিত হয়েছে পাঁচটি গ্রাম। দাগনভূঞায় দুটি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।