বন্যার পানি কমেছে, তীব্র হয়েছে ভাঙন
ভারী বর্ষণ কম হওয়ায় এবং নদ-নদীর পানি কমতে থাকায় জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে শেরপুরে পানি বেড়ে নতুন কিছু এলাকা প্লাবিত হয়েছে।
এদিকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় নদীভাঙন তীব্র হচ্ছে। বন্যার্ত লোকজন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা-উপজেলা প্রশাসনের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুরে যমুনা নদীর পানি কমায় গতকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বাঁধ এবং উঁচু স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত অনেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘরে ফিরছে। বন্যায় ফসলসহ বসতঘরের সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় তীব্র খাদ্য সংকটে পড়েছে তারা। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত ও ঘরে জমে থাকা বালু-কাদা সরাতে তারা ব্যস্ত সময় পার করছে। ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের ডাকাতিয়া মেন্দা গ্রামে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। গত সাত দিনে গ্রামটির দুই শতাধিক বসতবাড়ি ও ৫০ বিঘা ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙনকবলিত পরিবারগুলো তারাকান্দি-ভুয়াপুর সড়ক বাঁধ ও অন্য উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। মানবেতর দিন কাটছে এসব পরিবারের। ১৯৩৮ সালে স্থাপিত ডাকাতিয়া মেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির আংশিক গত সোমবার রাতে নদীগর্ভে বিলীন হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিকেই সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রম চলতে থাকবে।
যমুনার পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে টাঙ্গাইল সদর উপজেলায়। কাকুয়া ইউনিয়নে ভাঙনে প্রায় আড়াই শ ঘরবাড়ি বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে আরও প্রায় এক হাজার ঘরবাড়ি ও একটি হাট। স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান ফারুক বলেন, তাঁরা নদীভাঙনের শিকার ২৩১টি পরিবারের তালিকা পেয়েছেন।
কাকুয়ার ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, অনেক মানুষ বসতঘর ভেঙে নৌকায় তুলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছে। চরপৌলি এলাকার বাসিন্দারা বলেন, গত বছরের চেয়ে এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি। পাউবোর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ বলেন, দ্রুত ভাঙন ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে।
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার মানুষ। তলিয়ে গেছে আবাদি খেত। শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান এলাকায় কজওয়ের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
বগুড়ায় যমুনার পানি আরও কমেছে। দু-তিন দিনের মধ্যে জেলার ১৪টি ইউনিয়ন থেকে বন্যার পানি পুরোপুরি নেমে যাবে বলে আশা প্রকাশ করেছে পাউবো।
সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় তলিয়ে যাওয়া ফসলের খেত জেগে উঠতে শুরু করেছে। বাড়িঘর থেকেও পানি নামছে।