বন্যার পানি নামার পর নদীভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার পানি নেমে যাওয়ায় জেগে উঠছে বিস্তীর্ণ মাঠ। ধান-পাটের খেত আর লতাপাতার পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চরের বাতাসে। যে খেতে ছিল কৃষকের স্বপ্নের ফসল, সেখানে এখন ধু ধু বালুচর। আশ্রয়শিবির থেকে ফিরতে শুরু করেছে বিধ্বস্ত চরের মানুষ। নদীভাঙনের পর বন্যায় সর্বস্বান্ত এসব মানুষ নতুন বসতঘর তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু আবার নদীভাঙনের তাণ্ডবে তারা দিশেহারা হয়ে পড়েছে।

এই চিত্র বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর তীরবর্তী চকরতিনাথ, দীঘিপাড়া ও করমজাপাড়া চরের। এক সপ্তাহ ধরে নদীভাঙনের কবলে পড়েছে এসব চর। বিলীন হয়ে যাচ্ছে সেখানকার শত শত বিঘা আবাদি জমি। জুলাইয়ের প্রথম সপ্তাহে এই অঞ্চল যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে। দুই সপ্তাহ পরই বন্যাকবলিত হয়। পানিবন্দী মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, চকরতিনাথ চরে ভাঙন তীব্রতর। কালীতলা ঘাট থেকে নৌকায় নদীর তীর ধরে চকরতিনাথ চরে যাওয়ার পথে দেখা যায়, চরের শত শত একর আবাদি জমিতে বালুর মোটা আস্তরণ। বন্যার পানি নেমে যাওয়ার পর যমুনার তীব্র স্রোতে ওই সব জমি বিলীন হচ্ছে।

নদীর তীরে দাঁড়িয়েই কথা হচ্ছিল চকরতিনাথের কৃষক আনছার আলী প্রামাণিকের সঙ্গে। যমুনার জলরাশির দিকে আঙুল তুলে আধা কিলোমিটার দূরে ভেসে যাওয়া কলাগাছ দেখিয়ে তিনি বলেন, ‘এইবার যমুনা হামাগরক অ্যাক্কেবারে শ্যাষ করা দিচে। হামাগরক পথত বসাইচে। পয়লাবার বানের আগে নদী পাগলা হয়্যা তাণ্ডব চলাল। গোটা চর ভাঙা অ্যাক্কেবারে শ্যাষ কইরা দিল। এক রাতেই এত্তগুলা মানুষ হামরা বাপ-দাদার বসতবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হলো। ফসল গেল, জমিন গেল। দুই মাস ধরে গাঙ্গের পানিত ভাসনো। পানি যেই নাইমা গেচে, ওমনি আবার নদী ফোঁস করে উঠচে। হুহু করে নদী ভাঙ্গিচ্চে। বিঘার পর বিঘা ফসলি জমিন নদীর প্যাটত যাচ্চে। চোখ দিয়্যা দেকা ছাড়া কোনো কিচ্চু করবার পারিচ্চি না।’

এই চরের বাসিন্দা ও হাটশেরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রসিদ বলেন, জুলাইয়ের প্রথম দফা বন্যায় নদীভাঙনে এক রাতেই চকরতিনাথ, কর্নিবাড়ি, শিমুলবাড়ি, ধনারপাড়া, করমজাপাড়া ও দীঘাপাড়ার প্রায় ১ হাজার বসতবাড়ি নদীতে বিলীন হয়েছিল। বিলীন হয় শত শত বিঘার ধান, পাট, আমনখেত, বীজতলা, শসা, বেগুন, শাকসবজি, কাঁচা মরিচসহ ফসলি জমি। নদীভাঙনে লোকালয় বিলীন হওয়ায় আশ্রয়হীন হয় হাজার হাজার মানুষ। দুই মাস বাঁধে, সড়কে খোলা আকাশের নিচে থাকার পর লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে। গরু-ছাগল, সহায়-সম্বল বিক্রি করে নতুন করে বসতঘর তুলছে। কিন্তু বন্যার পানি সরে গেলেও বিপদ পিছু ছাড়ছে না। এখন নতুন করে নদীভাঙনে আতঙ্ক বিরাজ করছে।

করমজাপাড়ার কৃষক শাজাহান মোল্লা বলেন, ‘বানের পানি আর যমুনার ভাঙনে হামরা এখন নিঃস্ব। নদীর প্যাটত পাট-ধানসহ শত শত বিঘা জমির ফসল। বানের পানি নামে যাওয়ার পর ধারদেনা করে, সর্বস্ব বেচে দিয়ে জেগে ওঠা জমিনত ধান লাগাবার প্রস্তুতি লিচ্চি। কিন্তু এক সপ্তাহ ধরে ফের নদী ভাঙ্গিচ্চে।’

দীঘিপাড়ার অমূল্য চন্দ্র বলেন, ‘ঋণকর্জ করে তিন বিঘায় আমন আবাদ করিচিলাম। বানত সব পঁচে গেচে। বানের পানি নামে যাওয়ার পর আবার নদী ভাঙ্গিচ্চে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সারওয়ার আলম বলেন, নদীতে পানি কমায় স্রোতের তীব্রতা বেড়েছে। এ ছাড়া দীর্ঘ সময় বন্যাকবলিত থাকায় অনেক স্থানে পলি জমে নদীর গতিপথে পরিবর্তন দেখা দিয়েছে। এসব কারণে ভাঙন তীব্রতর হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট মাসের বন্যায় সরকারি হিসাবে সারিয়াকান্দি উপজেলায় ২৮ হাজার ৭৮৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের মধ্যে সরকারিভাবে ৫৩৫ টন চাল, ৭ হাজার ৫০০ প্যাকেট শুকনা খাবার, আলাদাভাবে বরাদ্দ পাওয়া আরও ৫ লাখ টাকা মূল্যের শুকনা খাবার, ৪০০ বান্ডিল ঢেউটিন এবং ১২ লাখ টাকার গৃহনির্মাণ মঞ্জুরি সহায়তা দেওয়া হয়েছে। বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গৃহনির্মাণ মঞ্জুরি সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, যমুনা নদীর ডান তীর রক্ষায় পাউবোর বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। তবে চরাঞ্চলে যমুনার ভাঙন রোধে বা ঠেকানোর জন্য পাউবোর পক্ষে কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব নয়।