বন্যার পানির ঢেউয়ে ধসে পড়ছে কাঁচা ঘর
বন্যার পানিতে ঘরে ঢেউ খেলছিল। কোনোভাবেই আর থাকা সম্ভব হয়নি। তাই পাশের বাজারে পাকা দালানে মাসখানেক আগে আশ্রয় নিয়েছে পাঁচটি পরিবার। এখন পানির ঢেউয়ে তাদের কাঁচা ঘরের বেড়া ধসে পড়ছে। দূর থেকে তা দেখছে তারা।
বাজারে আশ্রয় নেওয়া রেহানা বেগম প্রথম আলোকে বলেন, ‘পরশু দিন কিছু চিড়া, খই আর মধুর (গুড়) পাইছলাম। এর আগে এক দিন নয় কেজি চাউল। এত দিনে আর কিচ্ছু পাইছি না।’ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারে ভুকশিমইল ইউনিয়নের ঘাটের বাজারে কথা হয় রেহানার সঙ্গে।
একই স্থানে আশ্রয় নেওয়া আবুল মিয়া বলেন, ‘ঘরে উরাত সমান পানি। বেড়া ভাঙি পড়ি গেছে। কেউই বাড়িঘরে নাই।’ মখতরুল, মারজানা বেগম, রাহানা বেগমসহ এখানকার সবাই জানালেন, এক দিন শুধু খই, চিড়া আর গুড় পাওয়ার কথা। পাখিরুন বেগম বলেন, ‘অনেকেই মাছ ধরে জীবন চালায়। পানি বেশি থাকায় মাছ ধরা কম পড়ে। আমরা কেমন চলতাম?’
গতকাল ইউনিয়নটির বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেল, চারদিকে হাওরের উত্তাল ঢেউ। পানির মধ্যে একেকটি বাড়ি ভাসছে। ইউনিয়নের মদনগৌরি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বদরুল ইসলাম বলেন, ইউনিয়নের মীরশংকর, সাদিপুর, উত্তর সাদিপুর, কুরপানপুর, নাসিরপুর, গৌড়করণ, মহেশগৌড়ি, মদনগৌড়ি, জালালপুর, খাইরচক, ভুকশিমইল, বাদে ভুকশিমইল, জাবদা, মুক্তাদিরপুর, শসারকান্দি, কানেহাত, বরদলসহ ইউনিয়নের প্রায় গ্রামই পানির নিচে।
কুলাউড়া-বড়লেখা সড়ক থেকে ভুকশিমইল ইউনিয়নে গেছে পুশাইনগর-নবাবগঞ্জ সড়ক। সড়কের ওপর অনেক স্থানে পানি পাওয়া গেল। ঝুঁকি নিয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। পানির নিচে রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে।
উত্তর সাদিপুর গ্রামের জনাব আলী বলেন, ‘আমার ঘরটা ভাঙি গেছে। ঈদের সময় ১০ কেজি চাউল পাইছলাম।’ একই রকম কথা জানালেন একই গ্রামের নূরজাহান বেগম, কবিরুন বেগম, কুরপানপুরের আদরুন বেগম প্রমুখ।
মনসুরগঞ্জ বাজারের রিয়াজ উদ্দিন বলেন, ‘এলাকার ৮০ ভাগ বাড়িঘর ডুবে গেছে। অনেকে ঘরের ভেতর মাচা বেঁধে আছে। এলাকায় একটা স্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ দরকার।’
কুরপানপুরের একটি বাড়িতে দেখা গেল, ঘরের ভেতর হাঁটুপানি থইথই করছে। ঘরে মাচা বেঁধে এবং চৌকি উঁচু করে একটি পরিবার কোনোরকমে আছে। হাওরের বিশাল বিশাল ঢেউ এসে ঘরের বেড়ায় আছড়ে পড়ছে। বেড়ার বিভিন্ন অংশ খসে খসে পড়ছে।
গৃহকর্ত্রী রোশনা বেগম বলেন, ‘চৌকি উচা করি মাচা বান্দি আছি। খালি বাড়ি তো ফালাইয়া যাইতাম পারি না। দিনে রাস্তায় ঘুরি। এখন পর্যন্ত কুন্তা (কিচ্ছু) সাহায্য পাইছি না।’ এই এলাকায় দেখা গেল, অনেক বাড়িই পানিবন্দী। ঘরে পানি। তবু ঘরেই পড়ে থাকছেন অনেকে।
কুরপানপুরের মতিন মিয়া বলেন, বেসরকারি একটি সংস্থা এক দিন এক কেজি ময়দা, আধা লিটার তেল, আধা কেজি চিনি দিয়েছে। রোজায় সরকারি আট কেজি চাল পেয়েছিলেন। ঘরের ভেতর পানি। কোনোরকমে আছেন। গ্রামের ভেতর নৌকা দিয়ে লোক পারাপার করেন। এতে যা পান তা দিয়ে টেনেটুনে নয়জনের সংসার চালাচ্ছেন। তাঁর স্ত্রী হাছেনা বেগম বলেন, ‘আমরা কিতা (কি) চাই রইছিনি সরকারর দিকে। ৫০ টাকা চাউলর কেজি। খারামনানি (খাওয়া কি বন্ধ)। আল্লায় খাওয়ার। অউ (এই) আর কি রিজেকে থাকলে খাই। না থাকলে খাই না। দিনে তিন কেজি চাউল লাগে।’
নাসিরপুরের মো. ছরকুম আলী বলেন, ‘আমার বাড়ির কাছে আব্দুর রউফ মিয়া, সাবির মিয়া, ফয়জুন বিবি, মইদ আলী, রাফি মিয়া, ফরমুজ মিয়ার ঘরসহ অন্তত ১২টি ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে। এরা এখন প্রতিবেশীদের ঘরে উঠেছেন।’
নাসিরপুর গ্রামের জুবেরা বেগম বলেন, ‘পানি আইছে মানতরি (সময় থেকে) কুনতা (কিচ্ছু) পাইছি না। দিন আনরা দিন খারাম (দিন আনা হচ্ছে দিন খাচ্ছি)।’
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল, ব্রাহ্মণবাজার, কাদিপুর, জয়চন্ডী, ভাটেরা ও বরমচাল এই ছয়টি ইউনিয়ন বন্যাকবলিত। এসব ইউনিয়নের প্রায় ৭০টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী। উপজেলায় আটটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, ‘দেড়-দুই ইঞ্চি পানি কমছে। তবে আমার ইউনিয়নে ৪৫ হাজার মানুষের বাস। কমবেশি সবাই এখনো পানিবন্দী।’ ইউপি চেয়ারম্যান জানান, গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ভুকশিমইল ইউনিয়ন পরিদর্শন করেছেন। এ সময় তাৎক্ষণিকভাবে ১০ কেজি করে ৭০ জনের মধ্যে চাল বিতরণ করেন। এ ছাড়া জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী নৌকায় করে ইউনিয়নের পানিবন্দী ১০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী গতকাল বলেন, পানি অল্প কমছে। তবে বন্যার পরিবর্তন হয়নি। ঈদের পর উপজেলায় ৪৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী গতকাল ভুকশিমইল ইউনিয়নের জন্য আট মেট্রিক টন ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন।