বন্যায় ধসে গেল নাটোরের নতুন সড়কটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার ভোরে বন্যার পানির তোড়ে সিংড়ার ভাগনগরকান্দি এলাকায় সিংড়া-তেমুক-নওগাঁ সড়কের দুটি স্থান ভেঙে যায়। আজ সকাল ১০টায় ছবিটি তোলা হয়েছে। ছবি: মুক্তার হোসেন
আজ বুধবার ভোরে বন্যার পানির তোড়ে সিংড়ার ভাগনগরকান্দি এলাকায় সিংড়া-তেমুক-নওগাঁ সড়কের দুটি স্থান ভেঙে যায়। আজ সকাল ১০টায় ছবিটি তোলা হয়েছে। ছবি: মুক্তার হোসেন

বন্যার পানির তীব্র তোড়ে নবনির্মিত নাটোরের সিংড়া-তেমুক–নওগাঁ সড়কের দুটি স্থান ধসে গেছে। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সেখানকার যোগাযোগব্যবস্থা। সড়কটি নাটোরের সিংড়া সদর উপজেলা থেকে নওগাঁর আত্রাই সদর উপজেলা পর্যন্ত সংযোগ সড়ক হিসেবে নির্মিত হয়। রাস্তা ভেঙে পানি আশপাশের লোকজনের ঘরবাড়িতে ঢুকে পড়েছে। বালুর বস্তা দিয়ে সড়কটির বাকি অংশটুকু বাঁচানোর চেষ্টা করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে নির্মাণ করা হয় সিংড়া-তেমুক–নওগাঁ সড়কটি। কিন্তু গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বন্যার পানির তীব্রতায় সড়কটির ভাগনগরকান্দি এলাকার দুটি স্থান ভেঙে যায়। দুটি স্থানে অন্তত ১০ মিটার করে ভেঙে গেছে। তীব্র পানি প্রবাহিত হওয়ার কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। সড়কের ওপর দিয়ে পানি উপচে পড়ে বিলে প্রবেশ করছে। এ ছাড়া লোকালয়ে পানি প্রবেশ করায় বাড়িঘরও নিমজ্জিত হচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, বন্যার পানি কম থাকার সময় এলজিইডিকে সড়কটি রক্ষার জন্য বারবার বলার পরও তাঁরা শোনেননি। সড়কটি নিচু হওয়ার কারণে খুব সহজেই পানির তোড়ে ভেঙে গেছে।
এলজিইডির সিংড়া উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, 'দুই মাস আগে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু আত্রাই নদীর পানির তীব্রতার কারণে দুটি স্থান ভেঙে গেছে এবং পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা বালুর বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছি।'
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার বানু বলেন, সড়কটি রক্ষার জন্য এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।