বন্যায় মানুষের কষ্ট আর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। গতকালের ছবি l প্রথম আলো
ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। গতকালের ছবি l প্রথম আলো

গত বছরে বন্যার পানি এক মাসের মতো স্থায়ী ছিল। তাতে যে ফসলহানি হয়, তার ধকল কাটানোর আশা ছিল এবারের বোরো আবাদ দিয়ে। কিন্তু সে আশার গুড়ে বালি। এরই মধ্যে বন্যায় বোরোর খেত ডুবে গেছে। চালের দাম এখন সাধ্যের বাইরে। অথচ মানুষের কাজকর্ম নেই। জমানো খাদ্য বা টাকা সবই শেষ। আরও কিছুদিন বন্যা স্থায়ী হলে চরম বিপাকে পড়বে মানুষ।

কুড়িগ্রামের প্রথম আলো চর, চর রসুলপুর, ভগবতীপুরসহ বিভিন্ন এলাকা গতকাল শুক্রবার ঘুরে মানুষের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শুধু এসব চরাঞ্চল নয়, জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর তীরবর্তী ও মধ্যবর্তী ৪২০টি চরের প্রায় ২ লাখ মানুষ একই কষ্টে আছে।

নৌকা দেখে ছুটে এলেন কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মধ্যবর্তী পোড়ার চরের সমস্ত বানু (৬৫)। বললেন, ‘নন যাই দেইখা আহেন, কেমুন কষ্টে আছি।’ নিজের ঘরটি দেখিয়ে বলেন, ‘বানের পানি বাড়তাইছে। বাড়িঘরে পানি উঠছে। চকি উইচা কইরা নইছি। হেইতে থাকি।’

যাত্রাপুর টেম্পোস্ট্যান্ডে সড়কের ওপরে হাঁটুপানি। এ রাস্তা এখন চলাচলের অনুপযোগী। স্থানীয় হোমিও চিকিৎসক সাইফুল ইসলাম বললেন, সপ্তাহে দুই দিন এখানে হাট বসে। দুই শতাধিক চরের ৮-১০ হাজার মানুষ এ হাটে আসে। জেলার মধ্যে এ হাট থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। হাটটি এখন বন্ধের উপক্রম।

এ সড়ক থেকে এখন মাত্র ২০ গজ দূরে নৌকাঘাট। গত বছর ঘাটটি ছিল পূর্বে আধা কিলোমিটার দূরে। ভেঙে এবার ঘাট এসে হাটে ঠেকেছে। এর আরও প্রমাণ পাওয়া গেল একটু এগিয়ে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে। তীব্র স্রোতে বিদ্যালয়টি ব্রহ্মপুত্রে ভেঙে পড়ছে।

ব্রহ্মপুত্রের প্রবল স্রোত পোড়ার চরের উত্তর, পশ্চিম, পূর্ব ও মাঝ দিয়ে তীব্র বেগে বয়ে যাচ্ছে। স্রোতের আঘাতে পোড়ার চর আবাসনের উত্তর দিকের পাকা ঘরগুলোর মাটি ধসে পড়ছে। আবাসনের বাসিন্দা ছালাম শেখ বলেন, ২০১৫ সালে আবাসনটি তৈরি হয়। ২২০টি ঘরে নদীভাঙনের শিকার দুই শতাধিক পরিবারের বাস। আবাসনটি ভেঙে গেলে তাঁরা কোথায় যাবেন, সেই চিন্তায় পড়েছেন।

চরের উত্তর দিকে গিয়ে দেখা যায়, সেখানকার ৪৮টি পরিবারের ঘরেই পানি উঠেছে। অধিকাংশ পরিবার আবাসনে গিয়ে ঠাঁই নিয়েছে। দু-চারজন ঘরে চৌকি উঁচু করে থাকছেন। তাঁদের একজন কৃষক রেজাউল করিম বলেন, ‘গরু-বাছুর থুইয়া কনে যামু? তাই চকি উইচা কইরা আছি।’

পাশের বাড়ির দিনমজুর সোহরাব হোসেন বলেন, এক সপ্তাহ ধরে তাঁরা পানিবন্দী। কিন্তু এখন কাজ নেই। জমানো যা ছিল শেষের দিকে। বন্যার সময় ধারকর্জ কে দেবে? নিজেদের খাবার যেমন নেই, তেমনি গবাদিপশুরও নেই।

পানির কারণে প্রথম আলো চরের বিদ্যালয়টিতে শিক্ষক ও শিক্ষার্থীরা আসতে পারছে না। স্কুলটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। 

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, ব্রহ্মপুত্রের পানি বাড়ার ফলে ইউনিয়নের ১০টি চরের প্রায় ১ হাজার ৬০০ পরিবার এখন পানিবন্দী। স্কুল ও আবাসন ভাঙনের বিষয়ে তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করেছেন।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. ফেরদৌস খান বলেন, কুড়িগ্রামে নদ-নদীর পানি এখন বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁদের কাছে ২ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল মজুত রয়েছে। এ ছাড়া ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ৫০০ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকার চাহিদা দেওয়া হয়েছে।