বন্যায় সবকিছু ভেসে গেছে
এক মুহূর্তের মধ্যে স্রোতের টানে খুকি রানীর চোখের সামনেই ঘরবাড়ি আর গবাদিপশু ভেসে যায়। কিছুই আটকাতে পারেননি। নিঃস্ব অবস্থায় এক সেতুর ওপর আশ্রয় নিয়েছেন। সাত দিনে খানিকটা চিড়া ছাড়া আর কোনো ত্রাণই পাননি।
খুকি রানীর মতো কয়েক শ মানুষ জামালপুরের ইসলামপুর আমতলী এলাকার উঁচু সেতু আর সড়কের ওপর আশ্রয় নিয়েছেন। খুকি রানী ও তাঁর স্বামী গোলাপ চান চিনাডুলী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। দুই মেয়েকে নিয়ে তাঁরা দুজন একসঙ্গে থাকেন। ২০১৪ সালে যমুনার ভাঙনে ভিটামাটি হারিয়েছেন। এরপর আমতলী বাজার এলাকার রাস্তার পাশে একটি ছোট ঘর তুলে থাকতেন। সেটাও ভেসে গেছে। ঘরবাড়ির সঙ্গে তিনটি ছাগল, ১০টি মুরগি, ঘরে থাকা কিছু চাল, পরনের কাপড়, আসবাব সব ভেসে গেছে।
গত বৃহস্পতিবার থেকে জামালপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে সারা জেলার মধ্যে ইসলামপুর উপজেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই উপজেলায় ১ লাখ ৪৬ হাজার ৭০০ জন বন্যাদুর্গত আছেন। এ পর্যন্ত ৫০ থেকে ৬০ হাজার মানুষ ত্রাণসামগ্রী পেয়েছেন।
গতকাল শনিবার সকালে ইসলামপুর-নোয়ারপাড়া ও ইসলামপুর-গুঠাইল সড়কে গিয়ে দেখা যায়, পানি কমতে শুরু করেছে।