বরগুনার ৬০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরদোর পানিতে ডুবে গেছে। তাই বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নেওয়ার জন্য ছুটছেন লোকজন। গতকাল দুপুরে বরগুনা সদরের উত্তর ডালভাঙা গ্রাম থেকে তোলা  ছবি l প্রথম আলো
ঘরদোর পানিতে ডুবে গেছে। তাই বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নেওয়ার জন্য ছুটছেন লোকজন। গতকাল দুপুরে বরগুনা সদরের উত্তর ডালভাঙা গ্রাম থেকে তোলা ছবি l প্রথম আলো

অধিক উচ্চতার জোয়ারে বরগুনা জেলার কমপক্ষে ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের বাসিন্দারা পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। পূর্ণিমার প্রভাবে চার দিন ধরে উপকূলের নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ার প্রবাহিত হচ্ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার জেলার নদ-নদীতে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। সকাল থেকে ঝোড়ো বাতাসসহ থেমে থেমে বৃষ্টি হয়। বঙ্গোপসাগরও উত্তাল ছিল। এ ছাড়া নদ-নদীতে তিন দশমিক ৩৪ মিটার উচ্চতার জোয়ার হয়, যা স্বাভাবিকের চেয়ে ৩৮ সেন্টিমিটার বেশি। জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে কমপক্ষে ৬০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকার কমপক্ষে ২০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
দুপুরে বরগুনা সদরের উত্তর ও দক্ষিণ ডালভাঙা গ্রামে গিয়ে দেখা যায়, দুটি গ্রামের প্রায় সাড়ে ৫০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বসতঘর বুকসমান পানিতে প্লাবিত হওয়ায় পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। অনেক পরিবার বাঁধের ওপর আশ্রয় নিলেও জোয়ারের পানি বাঁধ ছুঁই ছুঁই অবস্থায় থাকায় পরিবারগুলো আতঙ্কে রয়েছে।
উত্তর ডালভাঙা গ্রামের রেজভানু (৯০) বলেন, ‘ঘর পানিতে তলাইয়্যা গ্যাছে। বালিশ-খাতা (কাঁথা) সব ভিইজ্যা গ্যাছে। চাইর দিন ধরই্যা রাইতে ঘুমাইতে পারি না। রাইত-দিন বান্দের (বন্যানিয়ন্ত্রণ বাঁধ) উপরে থাহি। ঘরে খাওন নাই। রান্ধনের মতো অবস্থাও নাই, পানিতে চুলা পর্যন্ত ভাইঙ্গা গ্যাছে। এমন দুর্যোগের চাইতে মরণও ভালো। আল্লায় ক্যা যে মোগো নেয় না।’
একই গ্রামের জয়নব বিবি (৪৫) বলেন, ‘পোলাপানগুলার মোহে (মুখে) দুগ্গা ভাত দিমু কেইয়্যাও পারি না। ঘরের মইদ্দে বুকসমান পানি। পানিতে হাত-পায়ে ঘা অইয়্যা গ্যাছে। মোগো এই দুর্যোগ দিয়া কী বাঁচনের কোনো উপায় নাই।’ দক্ষিণ ডালভাঙা গ্রামের মোতালেব মিয়া বলেন, ‘এই রহম দুর্যোগ মোরা আর জীবনে দেহি নাই। আগে জোয়ারের পানি নদীর পাড় ছুঁই ছুঁই করতো। এহন বান্দা (বাঁধ) উপচাইয়্যা পানি ঢোকে।’
পাউবোর কর্মকর্তারা জানান, গত ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সাত দিন পূর্ণিমার প্রভাবে উপকূলে অধিক উচ্চতার জোয়ার হয়। স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে আড়াই মিটার বেশি উচ্চতার এই জোয়ারে জেলার ১২টি স্থানে প্রায় দুই কিলোমিটার বাঁধ বিলীন হয়। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেনে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ কিলোমিটার বাঁধ এখনো মেরামত না হওয়ায় এসব বাঁধ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয় ও ফসলি জমিতে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা সদরের বালিয়াতলী, ডালভাঙা; তালতলী উপজেলার খোট্টার চর, জয়ালভাঙ্গা, চরপাড়া, গাবতলী, নলবুনিয়া, নিন্দ্রারচর, আশারচর, ছোট আমখোলা, নিশানবাড়িয়া, চরপাড়া গুচ্ছগ্রাম, ঘোপখালী, লোছা; আমতলীর ফেরিঘাট, পুরান বাজার, আঙ্গুলকাটা, গুলিশাখালী ও হরিদ্রাবাড়িয়াসহ ৩০টি গ্রাম জোয়ারে প্লাবিত হয়েছে। বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী ও ভোলানাথপুর এবং পাথরঘাটার পদ্মা, রুহিতা, তাফালবাড়িয়া, জিনতলা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় এসব এলাকার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক জানান, গত মাসের জলোচ্ছ্বাসে যেসব বাঁধ ভেঙে গেছে, সেগুলো মেরামত করা যায়নি। ফলে ভাঙা বাঁধের স্থান দিয়ে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। জরুরি ভিত্তিতে কোনো বরাদ্দ না পেলে এসব বাঁধ সংস্কার করা সম্ভব নয়। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিডরে জেলার অনেক বাঁধ ভেঙে গেছে। সেসব বাঁধের অধিকাংশই মেরামত করা যায়নি। এ ছাড়া অক্ষত বাঁধগুলোও অনেক পুরোনো হওয়ায় সেগুলোও খুবই নাজুক অবস্থায় রয়েছে।