বরিশালে চাইলেই মেলে পলিথিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক ক্রেতা সঙ্গে ব্যাগ আনেন না। তাই বাধ্য হয়ে পলিথিন রাখতে হয়
অনেক ক্রেতা সঙ্গে ব্যাগ আনেন না। তাই বাধ্য হয়ে পলিথিন রাখতে হয়

বরিশালে মাছ ও সবজির বড় বাজারগুলোতে চাইলেই মেলে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। অথচ গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তর দাবি করে, বরিশালে পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রয়, প্রদর্শন, মজুত, বিতরণ এবং বাণিজ্যিকভাবে ব্যবহার কমেছে।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং প্রচারণার কারণে বরিশালের বাজারগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। পলিথিনের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে চলছে জনসচেতনতা। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। গত মঙ্গলবার সরেজমিনে বরিশালের নতুন বাজার, বড় বাজার, পোর্ট রোড বাজার, খেয়াঘাট বাজার, সিটি মার্কেট, বন্দর মার্কেটের অধিকাংশ ব্যবসায়ীকে পলিথিন ব্যবহার করতে দেখা যায়। এমনকি ভ্রাম্যমাণ সবজিবিক্রেতারাও পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। তবে অভিযান ও জরিমানা করার ভয়ে ফলপট্টির দোকানগুলোতে পলিথিনের ব্যবহার কিছুটা কমেছে।
মঙ্গলবার সকাল নয়টায় নগরের পোর্ট রোড কাঁচা বাজারে দেখা যায়, পলিথিনে ভরে তরকারি বিক্রি করছেন মো. সবুজ হাওলাদার। পলিথিন কোথায় পেলেন জানতে চাইলে তিনি বলে ওঠেন, সাইকেলে ভ্রাম্যমাণ বিক্রেতা পলিথিন নিয়ে আসে। তার কাছ থেকে ২৫০ গ্রাম কিনেছেন।
বাজারের অপর ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘আমাদের পলিথিন ব্যবহার করার ইচ্ছা নাই। কিন্তু অনেক ক্রেতা সঙ্গে ব্যাগ আনেন না। তাই বাধ্য হয়ে পলিথিন রাখতে হয়।’ ওই বাজারের ক্রেতা সাদেক জমাদ্দার বলেন, দোকানে পলিথিন থাকে, তাই জেনে বাসা থেকে ব্যাগ আনা হয় না।
পলিথিন ব্যবহারের একই চিত্র পাওয়া যায় নতুন বাজারেও। সকাল সাড়ে ১০টার দিকে ওই বাজারে কথা হয় ব্যবসায়ী মো. হানিফ সিকদারের সঙ্গে। তিনি বলেন, বেচাকেনা করতে হলে তো পলিথিন ব্যবহার করতেই হয়। আগে অনেক পলিথিন জমা করা হতো। বর্তমানে ২০০ গ্রাম করে এনে ক্রেতাদের দেওয়া হচ্ছে।
বেলা সাড়ে ১১টায় সিটি মার্কেটে গিয়ে দেখা যায়, রিয়াদ ব্রাদার্স এবং হারিস মিয়ার দোকানের সামনে অনেকগুলো পলিথিনে ভরা মুড়ির প্যাকেট সাজানো। এ বাজারের ব্যবসায়ী মোসলেম হাওলাদার বলেন, ‘আগে আমরা বাজার রোড গিয়ে পলিথিন কিনে আনতাম। এখন দোকানে দোকানে সাইকেলে করে পৌঁছে দেওয়া হয়। তাই আমরা ব্যবহার করছি।’
দুপুর সাড়ে ১২টায় নগরের বাজার রোডের বড় বাজারেও পলিথিনের ব্যবহার চোখে পড়ার মতো। নূরুল ইসলাম, আবুল কালাম, মো. হানিফের মতো অনেক সবজি ব্যবসায়ী দোকানের সামনেই পলিথিন রেখে বেচাকেনা করছেন। আবুল কালাম বলেন, ‘পলিথিন ছাড়া কেউ মাল (পণ্য) কেনে না। তাই বাধ্য হয়ে পলিথিন রাখছি।’
তবে নগরের ফলপট্টি এলাকায় দেখা গেছে একটু ভিন্ন চিত্র। ফলের দোকানিরা সুতার ব্যাগে ফল বিক্রি করছে। ফলবিক্রেতা রাসেল সিকদার বলেন, ২০১২ সালে অনেক ফলের দোকানিকে জরিমানা করা হয়। এর পর থেকে আর পলিথিন ব্যবহার করা হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, পলিথিন ব্যাগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। আগের যেকোনো সময়ের চেয়ে পলিথিনের ব্যবহার কমেছে। বর্তমানে চুরি করে কেউ কেউ ব্যবহার করছে। তিনি আরও বলেন, ‘পলিথিনের ব্যবহারকে শূন্যে নামিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি।’ বরিশাল বিভাগে পলিথিন উৎপাদনের কোনো কারখানা নেই। বিভাগের বাইরে থেকে এগুলো চোরাইপথে বরিশালে আসে বলে দাবি করেন তিনি।