বরিশালে থেমে থেমে দমকা হাওয়া, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বুধবার সকাল থেকে বরিশাল নগরে থেমে থেমে ঝোড়ো বাতাস বইছে। বেলা তিনটার দিকে নগরের দক্ষিণ আলেকান্দা এলাকায়। ছবি: প্রথম আলো
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বুধবার সকাল থেকে বরিশাল নগরে থেমে থেমে ঝোড়ো বাতাস বইছে। বেলা তিনটার দিকে নগরের দক্ষিণ আলেকান্দা এলাকায়। ছবি: প্রথম আলো

বরিশালে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আজ বুধবার সকাল থেকে থেমে থেমে দমকা হাওয়া আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দুপুর ১২টার পর তা ক্রমেই বাড়তে শুরু করেছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে ওঠানামা করছে। কখনো ঝোড়ো বাতাস, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনোবা রোদের দেখা মিলছে। বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বরিশাল অঞ্চলে গত ১২ দিন ধরে চলা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মৃদু তাপপ্রবাহ কমে ২৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আম্পান আজ সন্ধ্যায় দেশের সমুদ্র উপকূল অতিক্রম করতে পারে। এ সময় স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড় আম্পান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন নিকটবর্তী উপকূল দিয়ে অতিক্রম করা শুরু করবে। এলাকা পেরিয়ে যেতে প্রায় দুই থেকে তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে।

স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, বেলা সাড়ে ১১টার দিকে এক দফা দমকা বাতাস বয়ে যায়। ৫ থেকে ৭ মিনিট স্থায়ী এই বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। এরপর তার গতি কমে ঘণ্টায় ১০-১২ কিলোমিটার হলেও দুপুর ১২টার পর তা আবার বাড়তে থাকে। এরপর থেমে থেমে তা ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়োগতিতে প্রবাহিত হয়।

বরিশালের গৌরনদী উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয়প্রার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে। ছবি: প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয়প্রার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে। ছবি: প্রথম আলো

দমকা ও ঝোড়ো বাতাসের কারণে বেলা ১১টার পর নগরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। গণপরিবহন বিশেষ করে রিকশা, তিন চাকার যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়ে। ঝড়ের আতঙ্কে লোকজন বাড়িতে আশ্রয় নিয়েছে। আজ বেলা আড়াইটা পর্যন্ত থেমে থেমে দমকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ থেকে গত ২৪ ঘণ্টায় পর্যন্ত বরিশালে ৫২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া বিভাগ বলেছ, এটি আজ দুপুরে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার, কক্সবাজার উপকূল থেকে ৪৭০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৯ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কেন্দ্রের স্বেচ্ছাসেবকেরা মাইক নিয়ে মানুষদের সতর্ক করছে। বলামাত্রই যেন নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যেতে পারে, সে জন্য লোকজনকে বলা হচ্ছে তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে প্রস্তুত থাকতে। বরিশাল নগরের লঞ্চঘাট এলাকায়। ছবি: সাইয়ান

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. আনিসুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে থেমে থেমে দমকা বাতাস আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টি বাংলাদেশের উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।