বর্ণিল বেগুনি-গলা মৌটুসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ বেগুনি-গলা মৌটুসি। পুরুষ পাখির ছবিটি গত ৫ জুন কাপ্তাই জাতীয় উদ্যান থেকে তোলা l লেখক
পুরুষ বেগুনি-গলা মৌটুসি। পুরুষ পাখির ছবিটি গত ৫ জুন কাপ্তাই জাতীয় উদ্যান থেকে তোলা l লেখক

দেহে কালো স্যুট আর টকটকে লাল শার্ট। গলায় চকচকে বেগুনি গলাবন্ধ। মাথায় চকচকে সবুজ টুপি। রোদের আলো পড়লে মাথা-গলা চকচক করতে থাকে। বিশেষ করে বেগুনি গলা থেকে যেন গোলাপি-বেগুনি দ্যুতি ছড়াতে থাকে। ভদ্রলোকের নজরকাড়া এ সৌন্দর্য দেখলে যে কারও চোখ ধাঁধিয়ে যাবে। গত ২৪ জানুয়ারি দুর্লভ ও বিরল পাখির সন্ধানে কাপ্তাই জাতীয় উদ্যানে গিয়ে এ রকমই দেখেছি। আমার সঙ্গে থাকা বড় ভাই মিজানুর রহমানের সহকর্মী মুকুল ভাই তো ভদ্রলোকের চেহারা দেখে প্রথমে থ বনে গিয়েছিলন। অল্প কিছুক্ষণ পর সম্বিত ফিরে এলে ভদ্রলোকের মনকাড়া রূপে বিমোহিত হয়ে পাগলের মতো ছবি তুলতে লাগলেন তিনি। তবে ভদ্রলোকের মিসেসকে দেখে যারপর নাই হতাশ হলেন। কারণ ভদ্রমহিলার বেশভূষা একবারেই সাদামাটা। অথচ এই সাধারণ বেশভূষার ভদ্রমহিলাকে খুশি করার জন্য ভদ্রলোকের কতই না চেষ্টা।
ভদ্রলোককে প্রথম দেখি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। দ্বিতীয়বারও লাউয়াছড়াতেই। তৃতীয়বার ভদ্রমহিলাসহ কাপ্তাই জাতীয় উদ্যানে এবং শেষবার ৫ জুন ২০১৪-এ কাপ্তাইয়ে বন বিভাগের রেস্ট হাউস ‘বনফুল’-এর পাশে। বর্নিল এই ভদ্রলোক আর কেউ নয়, এ দেশের এক দুর্লভ প্রজাতির পাখি বেগুনি-গলা মৌটুসি। ইংরেজি নাম Purple-throated Sunbird বা Van Hasselt’s Sunbird। Nectariniidae পরিবারের এই সদস্যের বৈজ্ঞানিক নাম Leptocoma sperta। ছোট্ট পাখি বেগুনি-বুক মৌটুসির দেহের দৈর্ঘ্য মাত্র ১০ সেন্টিমিটার, যার মধ্যে ঠোঁটই প্রায় ১.৬ সেন্টিমিটার। স্ত্রী ও পুরুষের চেহারায় কোনো মিল নেই। পুরুষটি প্রথম দর্শনে কালচে পাখি। তবে রোদের আলোয় মাথার চাঁদি ধাতব সবুজ। ঘাড়, পিঠ, ডানা ও লেজ কালচে। দেহের পেছনটা ও কোমর নীল। বুক ও পেটের উপরটা লালচে, তলপেট বাদামি। স্ত্রীর দেহের উপরটা জলপাই-বাদামি ও নিচটা হালকা হলুদ। স্ত্রী-পুরুষ উভয়েরই সরু ও সামনের দিকে বাঁকানো ঠোঁটটি কালো। পা ও পায়ের পাতা কালো। চোখ বাদামি।
এরা চট্টগ্রাম ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। বনের কিনারা, ছড়ার আশপাশ, বন লাগোয়া আবাদি জমি ও বাগানের ফুলে ফুলে বিচরণ করে নির্যাস পান করে। ছোট ছোট কীটপতঙ্গও খায়। সচরাচর একাকি বা জোড়ায় থাকে। গায়ক পাখিটি মৃদু ‘চিপ্-চিপ্-চিপ্’ স্বরে ডাকে। পুরুষের তুলনায় স্ত্রী বেশ নীরব। পুরুষ প্রজননের সময় এবং বাসায় ডিম বা বাচ্চা থাকলে খুশিতে গাছের কোনো উঁচু ডালে উঠে ‘চিহুইট-চিহুইট, টুইট-টুইট-টুইট’ শব্দে গান গায়।
ফেব্রুয়ারি-জুলাই প্রজননকাল। এ সময় গাছের সরু শাখায় ঘাস, আঁশ, পাতা, বাকল, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে লম্বা থলের মতো ঝুলন্ত বাসা বানায়। বাসা বানানো হলে স্ত্রী তাতে দু-তিনটি বাদামি ছিটযুক্ত ধূসর বা সবুজাভ সাদা ডিম পাড়ে। স্ত্রী একাই ডিমে ১৪-১৫ দিন তা দিয়ে বাচ্চা ফোটায়। বাসা বানানো ও ডিমে তা দেওয়ায় স্ত্রীকে সাহায্য না করলেও পুরুষ তার সুমধূর গানে সব সময় স্ত্রীকে উৎসাহ দেয়। তা ছাড়া স্ত্রীর সঙ্গে মিলেমিশে সে বাচ্চাদের খাওয়া-দাওয়া ও লালন-পালন করে বড় করে তোলে।