
শীতের শুরুতেই দুই প্রজাতির পরিযায়ী লাটোরা এসেছে ঢাকার পূর্বাচলে। বাংলাদেশে প্রায় ছয় প্রজাতির লাটোরা দেখা যায়। এর মধ্যে মাত্র এক প্রজাতি, ল্যাঞ্জ লাটোরা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। বাকি সবই পরিযায়ী এবং অনিয়মিতভাবে বাংলাদেশে ভ্রমণ করে। খয়রা লাটোরা বাংলাদেশের সুলভ পরিযায়ী পাখি, মেটেপিঠ লাটোরা বাংলাদেশের দুর্লভ পরিযায়ী পাখি। অন্য তিন প্রজাতির মধ্যে দক্ষিণে মেটে লাটোরা বিশ শতকের মাঝামাঝি চট্টগ্রাম বিভাগে পাওয়া গিয়েছিল এবং ঢাকা বিভাগের কোনো এক গ্রামে পাওয়া গেছে বলে তথ্য আছে। একটি তামাপিঠ লাটোরা গত বছর চট্টগ্রামে দেখা গিয়েছিল এবং সম্প্রতি ঢাকার পূর্বাচলে একটি পাখি দেখা গেছে (এ পাখিটিকে নিয়ে একটি প্রতিবেদন গত ২৯ ডিসেম্বর প্রথম আলোতে ছাপা হয়েছে)। ঠিক একই জায়গায় গত ২৫ ডিসেম্বর দুটি বর্মি লাটোরার দেখা মেলে। পাখি বিশেষজ্ঞ রোনাল্ড হালদার বর্মি লাটোরাকে মৌলভীবাজার ও মধুপুরে দেখেছেন। ২০০৫ সালে মেহেরপুর জেলায় পাখিটি দেখা গিয়েছিল। ১৯৭৪ সালের পর বর্মি লাটোরা ঢাকায় আবার দেখা গেল। বর্মি লাটোরা বাংলাদেশের অনিয়মিত পরিযায়ী পাখি, প্রধানত শীত মৌসুমে কালেভদ্রে দেখা মেলে।
গত ২৫ ডিসেম্বর শীতের সকালে ঢাকার পূর্বাচলে গিয়ে এ পাখির দেখা পাই। বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য আলী রেজা হায়দার ও শাহরিয়ার রুশদি পূর্বাচলে দুই ধরনের লাটোরা প্রথম দেখেন। মূলত পাখিটি প্রায় সব সময় আবাদি জমিতে, সবজি বাগানে পোকা-মাকড় ধরে খায়। তবে সকালে ও বিকেলে বেশি কর্মচঞ্চল থাকে। এরা সাধারণত আবাদি জমি, বনের ধারে খোলা মাঠ, ছোট ঝোপ ও সবজি বাগানে উড়ে বেড়ায়। উড়ে গিয়ে মাটিতে ঝাঁপিয়ে পড়ে পোকা ধরে। পোকা ধরার পর অন্য কোনো ডালে গিয়ে বসে খায়। শীতের আবাসে একই স্থানে দিনের পর দিন বিচরণ ও শিকার করে। শিকার ধরার আগে লেজ দোলায়। স্ব-জাতের অন্য প্রজাতির টেরিটরিতে (বিচরণ এলাকা) যায় না। নিজের এলাকায় অন্য পাখি এলে তাড়িয়ে দেয়।
বর্মি লাটোরা ধূসর চাঁদি ও লালচে বা তামাটে পিঠের পোকা শিকারি পাখি। দেহের দৈর্ঘ্য ২৩ সেন্টিমিটার। প্রাপ্তবয়স্ক পুরুষ পাখির পিঠের দিক তামাটে, দেহের নিচের দিক সাদা। ডানা-ঢাকনির পালক সাদা। মাথার চাঁদি ও ঘাড়ের পেছনের অংশ কালচে ধূসর। দেহের নিচের দিক সাদা। স্ত্রী পাখির কপাল সাদাটে, চোখের সামনে কিছুটা খাটো ফিকে ভ্রুরেখা আছে। কাঁধের পালক সামান্য ফিকে তামাটে। উভয় পাখির চোখ লালচে বাদামি এবং পা ও পায়ের পাতা কালচে। বর্মি লাটোরা ফসলের মাঠে পোকা খেয়ে কৃষকের উপকার করে। খাদ্যতালিকায় রয়েছে পঙ্গপাল, ফড়িং, টিকটিকি, ছোট ইঁদুর ইত্যাদি। বৈজ্ঞানিক নাম lanius collurioides। ইংরেজি নাম Burmese Shrike। বাংলাদেশ ছাড়া উত্তর-পূর্ব ভারত, চীন, মিয়ানমার, থাইল্যান্ডে এ পাখির বসবাস রয়েছে।