বর্ষণ ও জোয়ারে দক্ষিণে জলাবদ্ধতা
টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, সাতক্ষীরা ও নড়াইলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছে পথচারীরা।
গত শনিবার সকালে অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় পানি ওঠে। গতকাল সোমবার সকাল থেকে অবিরাম বর্ষণ ও দুপুরে জোয়ারের কারণে পৌর শহরের ব্যস্ততম এলাকা পোস্ট অফিস রোড, চকবাজার, কাঠপট্টি, পুবারবাজার, এসডিও রোড, নতুন বাজার কর্মকার পট্টি, মহিলা কলেজ সড়ক, জুবিলি স্কুল সড়ক, একতা সড়কসহ বেশির ভাগ সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এ ছাড়া জেলার উপকূলীয় নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।
শহরের পুরান বাজার এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর সিকদার বলেন, জোয়ার থেকে পটুয়াখালী শহর রক্ষায় ২০০৭-০৮ অর্থবছরে একটি বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু স্লুইসগেটগুলো দিয়েই পানি আসছে। পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) অভিযোগ দিলেও কাজ হচ্ছে না।
পটুয়াখালীর পাউবোর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, গতকাল দুপুরে জোয়ারের সময় পানি বিপৎসীমার ২৩ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর সঙ্গে প্রবল বৃষ্টিপাতে পরিস্থিতি খারাপ হয়েছে। শহররক্ষা বাঁধের দু-একটি জায়গায় ত্রুটি আছে স্বীকার করে তিনি বলেন, এ কারণেই বৃষ্টির পানি শহর থেকে নামতে দেরি হচ্ছে।
এদিকে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রাম-সংলগ্ন জলকপাট এবং বন্যানিয়ন্ত্রণ বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি তাহেরপুর, দৌলতপুর, মোহনপুর, লস্করপুর ও আমিরাবাদ গ্রামে ঢুকে পড়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
খুলনা নগরের বাস্তুহারা কলোনির চারদিকে পানি আর পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমর বা বুকসমান পানি। পাঁচ দিন ধরে সেখানকার ১০ হাজার মানুষ পানিবন্দী। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, শুক্রবার বিকেলে কোমরসমান পানি ছিল। রোববার পানি কমে হাঁটু পর্যন্ত নামে। কিন্তু সোমবারের বৃষ্টিতে পানি আবার বেড়েছে। পুরো এলাকায় চুলা বন্ধ। আসবাব খাটের ওপর ওঠাতে হয়েছে। এ এলাকার পানি নামার একমাত্র খালটি বন্ধ। এ ছাড়া কিছু অপরিকল্পিত বাড়ি হওয়ায় পানি নামতে পারে না।
এদিকে বৃষ্টিতে নগরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। লবণচরা এলাকার ৭০ শতাংশ বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। পানি জমে গেছে ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরেও। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের শামসুর রহমান রোড, শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, খানজাহান আলী রোড, স্যার ইকবাল রোড, খান এ সবুর রোড পানিতে ডুবে আছে।
টানা বর্ষণে বাগেরহাট শহরের বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া, মিঠাপুকুরপাড়, মেইনরোড, সাধনার মোড়, রাহাতের মোড়, থানার মোড়, পুরোনো বাজার, দাসপাড়ার মোড়, রেলরোড, পোস্ট অফিসসহ প্রায় সব এলাকার সড়ক পানিতে তলিয়ে আছে। শহরবাসীর অভিযোগ, পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা না থাকার খেসারত দিচ্ছেন তাঁরা। এ ছাড়া জোয়ারে ভৈরব নদের পানি ড্রেনগুলোর মাধ্যমে শহরে চলে আসায় পরিস্থিতি ভয়ংকর হচ্ছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দার নদীর টেংরাখালি এলাকায় পাউবোর জলকপাটের একাংশ খুলে লোনা পানিতে টেংরাখালি, নতুনঘিরি, মীরগাং, কালিঞ্চি, পাশ্বেখালি, কুমিরের আবাদ ও মানিকখালি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া অবিরাম বৃষ্টিতে রমজাননগর ইউনিয়নের সাতটি গ্রামের আমন ধানের বীজতলা, দুই শতাধিক পুকুর ও চার শতাধিক চিংড়ি ঘের তলিয়ে গেছে।
গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত জলকপাটটি স্থানীয়ভাবে কোনোরকমে ঠিক করা হয়েছে। তবে পুরোনো জলকপাটের পাইপ দিয়ে এখনো পানি ঢুকছে।
এদিকে আশাশুনি উপজেলার গাজীপুর এলাকায় কলঘেষিয়া নদীর বেড়িবাঁধ গতকাল দুপুরে ভেঙে তিনটি গ্রামের নিম্নাঞ্চল ও দেড় হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। স্বেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কারের চেষ্টা চলছে।
ফরিদপুরে গত রোববার বেলা ৩টা থেকে সোমবার বেলা ৩টা পর্যন্ত ৯৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে মুজিব সড়কসহ, মসজিদবাড়ি সড়ক, শিল্পকলা একাডেমির সামনের সড়ক, দক্ষিণ গোয়ালচামট এলাকার নতুন বাজার এলাকা, আলীপুর ও কমলাপুর মহল্লাসহ শহরের বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
নড়াইলের শহর ও শহরতলির প্রায় দুই হাজার বাড়িঘরে পানি উঠেছে। এর মধ্যে রয়েছে মহিষখোলা, বরাশুলা, ভাটিয়া, আলাদাতপুর, দুর্গাপুর, বাহিরডাঙ্গা, ভওয়াখালি, মাছিমদিয়া, উজিরপুর, বিজয়পুর ও হাটবাড়িয়া এলাকা। এসব এলাকার পানিবন্দী বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে নড়াইল পৌর ভবনের পাশের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে হাঁটুপানি জমেছে। ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার প্রিয় খেলার মাঠ এটি।
নড়াইল পৌরসভার মেয়র রেজাউল বিশ্বাস প্রথম আলোকে বলেন, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানিনিষ্কাশনে জোর চেষ্টা চলছে।
[নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা এবং পটুয়াখালী, কলাপাড়া, ফরিদপুর, খুলনা, বাগেরহাট ও নড়াইল প্রতিনিধি]