বসন্তে গ্রীষ্মের খরতাপ, দাবদাহ থাকবে এক সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শুরুতে ছিল মেঘলা আকাশে দমকা হাওয়ার খেলা। সঙ্গে ছিল তুমুল বৃষ্টি। কিন্তু সপ্তাহান্তে দাবদাহ। প্রকৃতির এ কী আচরণ! খরতাপ যেন পুড়িয়ে মারছে মাঠ-ঘাট-জনপদ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গ্রীষ্ম শুরু না হলেও দেশের কয়েকটি স্থানে দাবদাহ শুরু হয়ে গেছে। আজ ওই দাবদাহ দেশের আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
৩০ বছরের মাসওয়ারি তাপমাত্রার হিসাব দেখে এপ্রিলকে সবচেয়ে উষ্ণতম মাস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে রাজধানীর গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। দেশের অন্যান্য অঞ্চলের গড় তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই সময়ে মাঝে মাঝে বৃষ্টি হলেও মাসের বেশির ভাগ সময়জুড়ে খরতাপ থাকে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায়। রাজধানীর তাপমাত্রাও কম ছিল না, দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যশোর, সিলেট ও চুয়াডাঙ্গা ছাড়া আর কোথাও বৃষ্টি হয়নি। তাপমাত্রার মতো বৃষ্টিও গতকাল বেশি হয়েছে সেই চুয়াডাঙ্গাতেই, ৩০ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহজুড়ে এই খরতাপ থাকতে পারে। ধীরে ধীরে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এর মধ্যে দেশের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে।