বসন্তেই গ্রীষ্মের গরম, গড় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

সবে শীত বিদায় নিয়েছে। প্রকৃতিতে এর রেশ তো কিছু থাকা উচিত। ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান’ বলে মন তো আকুল হওয়ারই কথাই। সকাল বা সন্ধ্যার মৃদু হাওয়ায় হিমেল স্পর্শ কিছু মেলে বটে। কিন্তু দিনভর কঠোর রোদে সেই স্পর্শ উধাও।

এবার কি গরম একটু তাড়াতাড়ি এল? আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘হ্যাঁ।’ এবার এখনকার তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে অন্তত তিন থেকে চার ডিগ্রি বেশি। এটা শুধু ঢাকার নয়, সারা দেশেই একই অবস্থা। আর এখনকার তাপমাত্রা আগামী শুক্রবারের পর থেকে আরও বাড়বে।

তিন-চার দিন ধরেই রোদের তাপ বেশ কড়া। নাগরিক মানুষ শীতের গরম কাপড় পরিষ্কার করে তুলে রাখছে আগামী শীতের জন্য। কিন্তু এত তাড়াতাড়ি এতটা গরম পড়ে যাবে, তা হয়তো অনেকেই ভাবেনি। কিন্তু হয়েছে তা-ই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখন যে তাপমাত্রা, তা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। গড় তাপমাত্রা বলতে গত ৩০ বছরের তাপমাত্রাকে বোঝানো হচ্ছে।

উদাহরণ হিসেবে উমর ফারুক বলেন, ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার গড় তাপমাত্রা থাকে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফে গতকাল যে তাপমাত্রা ছিল, তা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে—৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।